আসাফউদৌল্লার কথা ও সুরে ওস্তাদ রশীদ খান
কাজ কম করি, সময় নিয়ে করতে চাই—বললেন আসাফউদৌল্লা। উচ্চাঙ্গসংগীতে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশীদ খানের জন্য সম্প্রতি চারটি গান লিখেছেন ও সুর করেছেন তিনি। বিভিন্ন রাগের ওপর রচিত চারটি গান দিয়েই রশীদ খানের অ্যালবামটি মাস দুয়েক পরই আসবে এইচএমভি থেকে। অ্যালবামের নাম হূদয় আমার ডুবে যায়। ইতিমধ্যেই দুটি গানের রেকর্ড সম্পন্ন হয়েছে কলকাতায়। জানা গেছে, গান দুটো কণ্ঠে তুলে নেওয়ার জন্য অনেকটা নীরবেই ঢাকায় এসেছিলেন ওস্তাদ রশীদ খান। আসাফউদৌল্লার বাড়িতেই ছিলেন তিন দিন। আসাফউদৌল্লা বলেন, ‘বাকি দুটো গান নিয়ে শিগগিরই কলকাতা যাব। কথা ও সুর করা হয়ে গেছে।’ জানালেন, এর পরই তিনি ভারতের আরেক শিল্পী অরুন্ধতী হোম চৌধুরীর অ্যালবামের কাজ ধরবেন। এ অ্যালবামটিও এইচএমভি থেকে প্রকাশিত হবে। আসাফউদৌল্লার সুরারোপিত বাংলা ও উর্দু গজল গেয়েছেন মেহেদী হাসান, গোলাম আলী, আবিদা পারভীন, ফরিদা খানম, হৈমন্তী শুক্লাসহ অনেকেই।