আসিফ ইকবালের ‘গানের ছবি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান লিখছেন বহুদিন ধরে। জনপ্রিয় গানের সংখ্যাও অনেক। এবার সে রকম কিছু গান নিয়ে অ্যালবাম করছেন গীতিকার আসিফ ইকবাল। তাঁর লেখা বিভিন্ন শিল্পীর গাওয়া ২০টি গানের মিউজিক ভিডিও নিয়ে বের হয়েছে দুটি ভিডিও সিডি। জানা গেছে, ভিসিডি দুটির নাম গানের ছবি ১ ও গানের ছবি ২। কুমার বিশ্বজিৎ, মাহাদী, এলিটা, রুমী, রাজীবসহ বিভিন্ন শিল্পীর গান রয়েছে ভিসিডি দুটিতে। আসিফ ইকবাল বললেন, ‘যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে গান এখন আর শুধু শোনার নয়, দেখারও ব্যাপার। শ্রোতারা গানটি শোনার সময় তাদের মতো করে একটা চিত্র কল্পনা করে নেয়। কিন্তু গীতিকার, সুরকার ও শিল্পী—তাঁদেরও একটা ভাবনা থাকে। মিউজিক ভিডিওগুলোতে সেই ভাবনাই তুলে আনার চেষ্টা করেছি।’২০০৬ থেকে বিভিন্ন সময়ে গানগুলোর মিউজিক ভিডিও তৈরি হয়েছে। অ্যালবামটি বাজারে এনেছে গানচিল।