আসিফ ও ন্যান্সির 'সন্দেহ'

আসিফ ও ন্যান্সির দ্বৈত কণ্ঠের গানের অ্যালবাম ঝগড়ার গান বেরিয়েছে কোরবানির ঈদে। এবার তাঁরা আরেকটি অ্যালবামের কাজ শুরু করেছেন। আসিফ ও ন্যান্সির নতুন অ্যালবামের নাম সন্দেহ। আসিফ জানান, সন্দেহ বাজারে আসবে আগামী বছর ভালোবাসা দিবসে। আর তা প্রকাশ করবে আর্ব এন্টারটেইনমেন্ট।
আসিফ বলেন, ‘দ্বৈত কণ্ঠের গান নিয়ে কয়েকটি অ্যালবাম তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি। ঝগড়ার গান দিয়ে তা শুরু হলো। ন্যান্সি আর আমার দ্বৈত কণ্ঠে গাওয়া গানগুলো এরই মধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এমনকি ব্যবসায়িক দিক থেকেও অ্যালবামটি সফল হয়েছে। তাই ন্যান্সি ও আমার দ্বৈত কণ্ঠের গান নিয়ে আরেকটি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’
ন্যান্সি বলেন, ‘আসিফ ভাই আমার পছন্দের শিল্পী। তাঁর গান সব সময়ই ভালো লাগে। ঝগড়ার গান অ্যালবামের গানগুলো প্রশংসিত হয়েছে। আশা করছি, সন্দেহ অ্যালবামের গানগুলোও সবাই পছন্দ করবেন।’