আসিফ-ন্যান্সির 'সন্দেহ'

ঈদে মুক্তি পেয়েছে আসিফ আকবর ও ন্যান্সির দ্বৈত গানের অ্যালবাম ‘ঝগড়ার গান’। এটি ছিল তাঁদের প্রথম কোনো গানের অ্যালবাম। ‘ঝগড়ার গান’ অ্যালবামের পর আসিফ ও ন্যান্সি নতুন আরেকটি দ্বৈত অ্যালবামের কাজ শুরু করেছেন। তাঁদের এবারের অ্যালবামটির নাম ‘সন্দেহ’। ভালোবাসা দিবস উপলক্ষে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন আসিফ।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে আসিফ বলেন, ‘আমি দ্বৈত গানের বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি। “ঝগড়ার গান” দিয়ে তা শুরু হয়েছে। ন্যান্সি ও আমার দ্বৈত গানগুলো এরই মধ্যে বেশ ভালো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এমনকি ব্যবসায়িকভাবেও অ্যালবামটি সফল হয়েছে। তাই ন্যান্সি ও আমার আরেকটি দ্বৈত অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’
আসিফ এও বলেন, ‘সন্দেহ’ অ্যালবামের বেশ কয়েকটি গানের রেকর্ডিং এরই মধ্যে শেষ হয়েছে। বাকিগুলোও সুবিধাজনক সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এদিকে ন্যান্সি বলেন, ‘আসিফ ভাই এমনিতে আমার পছন্দের শিল্পী। তাঁর গান সব সময় আমার ভালো লাগে। “ঝগড়ার গান” অ্যালবামে আমাদের দ্বৈতকণ্ঠের গানগুলো প্রশংসিত হয়েছে। আশা করছি, “সন্দেহ” অ্যালবামের গানগুলোও সবাই পছন্দ করবেন।’