আসুন, আমরাও এগিয়ে যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীত আর শৈত্যপ্রবাহে আক্রান্ত সারা দেশের শীতবস্ত্রহীন মানুষ। নীরবেই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকে। হয়তো আমরা তা জানি না। আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছেন তেমন কয়েকজন। যেমন, গেল সপ্তাহে সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ আর চিত্রনায়ক শাকিব খান শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন। শীতবস্ত্রহীন মানুষের মাঝে বিশ্বজিৎ কনকনে ঠান্ডায় কাঁপছে শহর। ফুটপাতে গুটিশুটি মেরে শুয়ে আছে ছিন্নমূল শীতার্ত মানুষ। মাঘের শীতের তীব্রতায় পিষ্ট এই শীতবস্ত্রহীন মানুষের মধ্যে হাজির হয়েছিলেন বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ কুমার বিশ্বজিৎ। শিল্পীরা কেবল গান গেয়েই নয়, বরং ব্যথিতের কষ্ট কমাতে তাদের পাশেও এসে দাঁড়ান—এরই প্রমাণ দিলেন কুমার বিশ্বজিৎ। কিন্তু অভাবের সাগরে কয়েক ফোঁটা শীতবস্ত্রের জল যে একেবারেই সামান্য, তাও বুঝলেন তিনি। চিরতরুণ এই গায়ক গাড়ি ভর্তি শীতবস্ত্র নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজির হলে সেখানে গৃহহীন মানুষেরা প্রায় হামলে পড়ে তাঁর গাড়ির ওপর। গাড়ির চারদিকে জটলা পাকানো শীতার্ত মানুষের ভিড় সামলে বস্ত্র বিতরণ ছাড়াই কোনোরকমে সেখান থেকে চলে আসেন তিনি।অতঃপর, গাড়ি ঘুরিয়ে সোনারগাঁও মোড়ের সামনে বাংলাভিশন অফিসের পাশে কুমার বিশ্বজিতের গাড়ি থামে। সঙ্গে নেমে এল তাঁর কর্মীবাহিনী। ততক্ষণে শীতবস্ত্র বিতরণের আঁচ পেয়ে আগ্রহী লোকজন লাইনে বসে গেছে। রাত প্রায় সাড়ে ১১টার দিকে ঘুম থেকে উঠে এসেছে অনেকে। কুমার বিশ্বজিৎ হাতে করে কয়েকটি শীতবস্ত্র নিয়ে নেমে এলেন। নিজ হাতেই শীতবস্ত্র তুলে দিলেন শীতার্ত মানুষকে। তাঁর কর্মীবাহিনীও নেমে পড়ল একই কাজে। কম্বল পাওয়ার জন্য তখন শীতার্ত লোকজনের কাড়াকাড়ি আর চিৎকারে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। তীব্র শীতে যদিও এই কয়টা শীতবস্ত্র তাদের চাহিদার কাছে কিছু নয়, তার পরও শীতের রাতে একটি কম্বল পাওয়ার আনন্দ সে-ই জানে, যে একটি ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ফুটপাতে পড়ে থাকে।দুস্থ শিল্পীদের পাশে শাকিব খান‘১২ জানুয়ারি রাতে শুটিং শেষ করে মেকআপ রুমের দিকে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম, রাস্তার এক পাশে কয়েকজন মানুষ শীতে কুঁকড়ে আছেন। ঠিকমতো তাঁরা কথা বলতে পারছিলেন না। শীতের কাঁপুনিতে নড়েচড়ে বসার উপায়ও নেই তাঁদের। আমাকে দেখে উঠে এল তাঁরা। আমাদেরই ভাইবোন এঁরা সবাই। আর্থিকভাবে অসচ্ছল। বিভিন্ন সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করেন। আমি অনেক আগেই কথা দিয়েছিলাম, শুটিংয়ের সময় যাতায়াত বাবদ আমাকে যে সম্মানী দেওয়া হয়, তা আমি দুস্থ শিল্পীদের পেছনে ব্যয় করব। তাঁদের কষ্ট দেখে খুবই খারাপ লাগল। তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম, তাঁদের শীতের গরম কাপড় কিনে দেব। পরের দিনই কাপড় কেনার ব্যবস্থা করলাম।’ বলছিলেন শাকিব খান।গত শনিবার। বিকেল পাঁচটা। কুয়াশার আবরণে ঢাকা পুরো এফডিসি। কনকনে ঠান্ডা বাতাস বইছে। শিল্পী সমিতির সামনে যেতেই দেখা গেল সহশিল্পীদের ভিড়। তাঁদের চোখ-মুখ বেশ হাসিখুশি। একজনের নাম শেফালি। অনেক ছবিতেই তিনি বস্তিবাসীর চরিত্রে অভিনয় করেছেন। বললেন, ‘আমাগো দিকে কেউই তাকায় না। সকালবেলা আইসাই শুনলাম, গরম কাপড় দিচ্ছেন আমগো শাকিব ভাই। দোয়া করি, তিনি যেন আরও বড় হন।’শেফালি বেগমের মতো আরও অনেকে তাঁদের কষ্টের কথা বলছিলেন এবং শাকিবের সামান্য দানটুকুই তাঁরা এই দুঃসময়ে অনেক বড় কিছু মনে করছেন।অনেকেই লম্বা সারি বেঁধে দাঁড়িয়েছেন গরম কাপড় নেওয়ার জন্য। শাকিব শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম খসরুকে নিয়ে সবার হাতে একে একে কাপড় তুলে দেন। একজন বয়স্ক মহিলা শিল্পী কাপড় হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে শাকিবকে বললেন, ‘আইজক্যা রাইতে ঘুমডা বালা অইব।’কাপড় বিলি করা শেষে শাকিব রূপসজ্জাকক্ষে বিশ্রাম নিতে চলে গেলেন। কিছুক্ষণ পর শাকিব বললেন, ‘শুধু যে এফডিসিতেই মানুষ শীতে এমন কষ্ট পাচ্ছে, তা কিন্তু নয়। সারা দেশে লাখ লাখ মানুষ এই কষ্ট পাচ্ছে। গতকাল শুটিং শেষ করে যখন সোনারগাঁও মোড় পার হয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম এই শীতের মধ্যেই কতগুলো পরিবার ফুটপাতের ওপর জড়সড় হয়ে বসে আছে। কী যে কষ্ট, উফ্, ভাবতে পারি না! মনে হলো, আমরা যারা একটু সচ্ছল, তারা যদি চারপাশের অসহায় মানুষগুলোর প্রতি সহানুভূতি দেখাই, তাহলে কিন্তু সবার শীতের কষ্ট দূর করা সম্ভব। তাই আমি আমার কর্মস্থল এফডিসি থেকেই কাজ শুরু করলাম। সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেন একটু একটু করে সবাই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াই, ওদের মুখে একটু হাসি এনে দিই।’