
‘জলকণা উড়ে যায়/ পথ ভুলে দূরে যায়’—গানটির একটি দৃশ্য ভালোবাসি তাই নাটকের। সবেমাত্র অভিনব উপায়ে কাগজে লিখে মিমের কাছে ভালোবাসার প্রকাশ ঘটিয়ে বিষণ্ন মনে উল্টো দিকে ঘুরেছি। এমন সময় ঘরের দরজা থেকে চোখে পানি নিয়ে ছুটে এল মিম। পেছন থেকে জড়িয়ে ধরল, তারপর আমার মুখের দিকে তাকিয়ে কিছুটা বিব্রত হয়ে আবার ফিরে গেল। শট ঠিকঠাক, কিন্তু পরিচালক শিহাব শাহীনের মন জয় করতে পারল না! তিনি আরও আবেগ চান, চান আরও ভালোবাসার বহিঃপ্রকাশ। কাজেই, শট এনজি হলো। পরিচালকের অসন্তোষ দেখে মিম বলে উঠলেন, ‘ভাইয়া, আমি তো জীবনে কখনো কাউকে সত্যি সত্যি জড়িয়ে ধরিনি! আমি তো বুঝতেই পারছি না!’—কথাটা শুনে আমরা সবাই ওকে ব্যাপারটা বোঝালাম এবং তারপর শট ওকে হলো!
এভাবে প্রতিদিন কত শটই তো এনজি (নট গুড) হয়! একটি অদ্ভুত এনজি শটের গল্প শোনাই তবে, যে গল্পে আমি কিছুটা আহত হয়েছিলাম! ২০০৩-০৪ সালের ঘটনা, ক্যারিয়ারের শুরুর দিকে। আহমেদ ইউসুফ সাবেরের পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। রঙের বিজ্ঞাপন, তাই স্বাভাবিকভাবেই চারপাশে অনেক রং। সিরামিকের মেঝের ওপর বাঁশ রেখে তার ওপর দাঁড়িয়ে ক্লাউন সেজেছেন কজন শিল্পী। ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে আমি তো শট দিতে মগ্ন হয়ে গেলাম। অবাক হয়ে দেখি, ক্যামেরার পেছনের সবাই পেছন দিকে সরে যাচ্ছে। ব্যাপার কী? কিছু বুঝে ওঠার আগেই ঘটল বিপত্তি। জিঙ্গেলটা পুরোপুরি গাইতে না গাইতেই আমার মাথার ওপর একটি বাঁশ এসে ঠাস করে পড়ল! কোনো এক ক্লাউনের পা থেকে খসে সামনের দিকে এসে পড়েছে সেটা! কিছুক্ষণের জন্য সবকিছু কেমন অন্ধকার হয়ে গেল। সবাই ছুটে এল। ভাবল, আমার হয়তো মাথা ফেটে চৌচির হয়ে গেছে। আঘাত তেমন গুরুতর ছিল না। পাঁচ মিনিটের মধ্যে সুস্থ হয়ে উঠলেও শটটাই শুধু এনজি হলো না, সেদিনের মতো শুটিংও প্যাকআপ হলো!
শেষ করি কিছুদিন আগের একটি মজার ঘটনা দিয়ে। প্রথম দিনের শুটিং শেষে দ্বিতীয় দিন পরিচালক জানালেন, শট ওকে আছে, কিন্তু আশানুরূপ হয়নি! এটা কেমন কথা হলো? তিনি বুঝিয়ে বললেন, তাঁর কিছু এনজি শট দরকার নাটকের শেষে দেখানোর জন্য! আর আমার কিনা প্রথম দিন একটা শটও এনজি হয়নি! আমি বললাম, এটা আগে বলবেন না? তার পরের দুই দিন ভরপুর এনজি শট দিলাম, ইচ্ছা করে ভুল করা আর কি! যা কিনা শেষ পর্যন্ত পরিচালকের চাহিদার তুলনায় অনেক বেশিই হয়ে গিয়েছিল!
অনুলিখন: দেব দুলাল গুহ