আহত হয়েও শুটিংয়ে মৌসুমী নাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরার বাসায় গত মঙ্গলবার ভাঙা কাচের টুকরোয় পা কেটে আহত হয়েছেন চলচ্চিত্রে নবাগত ছোটপর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। কিন্তু সামনে ছবির শুটিং, তাই আহত পা নিয়েই সেটে যান তিনি। চিত্রগ্রহণের স্থান বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার। আজ বৃহস্পতিবার সকালের বিমানে কক্সবাজারে গেছেন মৌসুমী। আজ শুটিং করার কথা থাকলেও আহত পায়ের জন্য সারা দিন বিশ্রামে কাটিয়েছেন বলে জানালেন মৌসুমী।কক্সবাজার থেকে মৌসুমী প্রথম আলো ডটকমকে বলেছেন, ‘আমি বেশ কিছুদিন কানাডা ছিলাম। এ কারণে বাসায় অনেক জিনিসপত্র ছিল অগোছালো; এগুলো গোছাতে গিয়ে হঠাত্ করেই কাচের ওপর পড়ে যাই। ডান পা বেশ খানিকটা কেটে গেছে। এরপর দ্রুত চিকিত্সকের কাছে গিয়ে প্রয়োজনীয় চিকিত্সা নিই। পায়ে তিনটি সেলাইও দিতে হয়েছে।’ মৌসুমী বলেন, ‘গতকাল বুধবার সারা দিন বিশ্রামে ছিলাম। আজও বিশ্রামে থাকার কথা ছিল। কিন্তু তার পরও কষ্ট করে কক্সবাজার আসতে হলো। এখন পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারিনি।’মৌসুমী আরও বলেন, ‘আহত পায়ের কারণে শুটিং স্পটে সবাই আমার যত্ন-আত্তি করছেন। বিষয়টি বেশ উপভোগ করছি। আশা করছি, কাল থেকে শুটিং করতে পারব।’কক্সবাজারে তন্ময় তানসেনের পরিচালনায় ‘হলিডে’ নামের একটি টেলিছবির শুটিং করবেন মৌসুমী নাগ। এতে আরও আছেন সজল ও শোয়েব।