আহমদ রফিককে সংবর্ধনা
সংগ্রামে, সৃজনে ও মননে এক অনন্য বাঙালি আহমদ রফিক। তাঁর সৃষ্টিজগৎ বিশাল ও বহুমাত্রিক। মুক্ত ও প্রগতিশীল চেতনার ধারক ও বাহক হিসেবে সমাজ পরিবর্তনের সংগ্রাম ও খাঁটি বাঙালিত্ব অর্জনের সাধনাই ছিল তাঁর একমাত্র ব্রত ও আজন্ম স্বপ্ন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রমিত আয়োজিত ‘পূর্ণতার শুদ্ধ লক্ষ্যে আহমদ রফিক’ শীর্ষক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন।
১২ সেপ্টেম্বর ছিল লেখক, গবেষক ও ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৮৭তম জন্মদিন। এর পরের দিন এ অনুষ্ঠানের আয়োজন করে প্রমিত।
বক্তারা বলেন, জীবনসায়াহ্নে এসে আজও মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িকতার আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। অর্থ, ক্ষমতা, লোভ-লালসার প্রতি বরাবরই ছিলেন নির্মোহ।
অনুষ্ঠানে মজিদ মাহমুদের লেখা মূল প্রবন্ধ পাঠ করেন ইসমাইল হোসেন সাদী। বক্তব্য দেন বিটিভির পরিচালক কবি নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। আলোচনার ফাঁকে আহমদ রফিকের কবিতা পাঠ করেন প্রমিতর শিল্পীরা।