আহম্মেদ গিয়াস ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবনী নিয়ে মঞ্চে এসেছে সুবচন নাট্যসংসদের সর্বশেষ প্রযোজনা মহাজনের নাও। শাকুর মজিদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এখানে শাহ আবদুল করিমের চরিত্রে অভিনয় করেছেন আহম্মেদ গিয়াস। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। নাটকটিতে বিখ্যাত বাউলসম্রাট শাহ আবদুল করিমের চরিত্রে আপনি অভিনয় করছেন, অনুভূতি কেমন?চরিত্রটিতে অভিনয় করতে পেরে অদ্ভুত রকমের অনুভূতি আমার। যে বাউলসম্রাটের গান বাংলার মানুষের মুখে মুখে, সেই বাউলসম্রাটের চরিত্র হয়ে মঞ্চে উঠতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়। নাটকটি দেখার পর অনেক দর্শকই আমাকে এভাবে বলেছেন, ‘কে বলেছে শাহ আবদুল করিম মারা গেছেন! আপনার মধ্যেই তিনি বেঁচে আছেন।’ এ ধরনের মতামত শোনার পর মনে হয়, থিয়েটারে আর আমার কিছু চাওয়ার নেই।চরিত্রটি করার আগে নিজের প্রস্তুতি কেমন ছিল?শাহ আবদুল করিম মূলত গান লিখতেন আর সুর করতেন। বিখ্যাত এই মানুষটির ওপর প্রায় ১০ বছর ধরে শাকুর মজিদ কাজ করেছেন। তাঁর জীবনী নিয়ে একাধিক ভিডিও ডকুমেন্টারি নির্মাণ করেছেন। আমি সেসব ভিডিও ফুটেজ বারবার দেখে, তাঁর কথা বলার ভঙ্গি, তাঁর চলাফেরা, তাঁর গায়কী ঢং—সবকিছু আয়ত্তে আনার চেষ্টা করেছি। এ ছাড়া পত্রিকা, বিভিন্ন বইয়ে শাহ আবদুল করিমকে নিয়ে একাধিক সাক্ষাৎকার বারবার পড়েছি। মুখোমুখি তাঁর সঙ্গে আমার দেখা বা কথা বলার সুযোগ হয়নি। সে ক্ষেত্রে শাকুর মজিদের কাছ থেকেই সাহায্য-সহযোগিতা পেয়েছি। আগে থেকেই কি এ চরিত্রে অভিনয়ের ভাবনা ছিল?না। আমরা একটা নতুন নাটক করব। সুদীপ চক্রবর্তীকে নতুন নাটকের নির্দেশনা দেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়। তিনি একদিন দলে এলেন। দলের সবার সঙ্গে আলাপ-আলোচনা হলো। আমাদের দলের ছেলেমেয়েরা ভালো গান গাইতে পারে। বিষয়টি দেখে সুদীপ বলল, তাহলে আমরা একটি গীতল নাটক করতে পারি। শেষ পর্যন্ত শাহ আবদুল করিমকে নিয়ে করার সিদ্ধান্ত হয়। আগে থেকেই আমরা জানতাম শাকুর মজিদ দীর্ঘদিন এই বাউলকে নিয়ে কাজ করছেন। তিনি নাটকটি লিখে দেওয়ার ব্যাপারে এগিয়ে এলেন। সবকিছু ঠিকঠাক হওয়ার পর শাহ আবদুল করিমের চরিত্রের বিষয়ে কথাবার্তা শুরু হয়। তখন থেকেই নিজের মধ্যে একটা সুপ্ত বাসনা তৈরি হলো। প্রথম দিনই চরিত্রটি করার ব্যাপারে আগ্রহী হই। প্রথম মহড়ায় মনে হলো আমি নির্দেশকের মন জয় করতে পেরেছি। এ ছাড়া চরিত্রটি ওঠানোর ব্যাপারে দলের সবাই অসম্ভব রকমের সহযোগিতা করেছেন। নাটকটিতে পাঁচ বয়সের শাহ আবদুল করিমকে আনা হয়েছে। আমি করেছি তিন বয়সের। ২০-৩০ বছর, ৪০-৪৫ বছর এবং তাঁর শেষ জীবন—মৃত্যু পর্যন্ত। ঢাকার মঞ্চে শাহ আবদুল করিমকে নিয়ে প্রথম নাটক। নাটকটি নিয়ে আলাদা কোনো ভাবনা আছে কি?শাহ আবদুল করিম মারা যাওয়ার দেড় বছরের মাথায় আমরা নাটকটি মঞ্চে আনি। এ পর্যন্ত নাটকটির প্রায় ২৪টি প্রদর্শনী হয়েছে। এর মধ্যে একটি প্রদর্শনী আগরতলায় হয়েছে। ছয়টি প্রদর্শনী ঢাকার বাইরের জেলায় হয়েছে। বাকিগুলো ঢাকায়। সামনে ১২ সেপ্টেম্বর তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ওই দিন আমরা দল থেকে তাঁর জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান করব। এ ছাড়া আমরা ভাবছি নাটকটি নিয়ে বিভিন্ন জেলায় সফর করব। তবে ঢাকার বাইরে নিতে নাটকটির একটু কারিগরি দিক থেকে সমস্যাও আছে। আমরা ঢাকায় যে ফর্মে নাটকটি করছি, একই ফর্মে ঢাকার বাইরে মঞ্চ-উপযোগী হবে না। সে ক্ষেত্রে আমরা নাটকটির কিছু কারিগরি দিক—কোরিওগ্রাফি, ডিজাইনটা একটু পরিবর্তন করে করতে পারি। আমরা এই নাটকটির মাধ্যমে সারা দেশে শাহ আবদুল করিমকে বাঁচিয়ে রাখতে চাই। আপনি পরপর দুবার ফেডারেশনের ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রায় ১০ বছর ধরে ফেডারেশন থেকে বলা হচ্ছে ঢাকার ১০টি জায়গায় নাট্যমঞ্চায়ন-উপযোগী মিলনায়তন আবিষ্কারের কথা। তার খবর কী?সত্যি কথা বলতে কী, আমরা এত দিন শুধু বলেই এসেছি। এর জন্য শতভাগ সফল হতে পারিনি। এ বছরের মার্চ মাসে মহানগর নাট্যোৎসবের মাধ্যমে ছায়ানট ভবন, পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, নাটমণ্ডল, মহিলা সমিতি মঞ্চ ও পরীক্ষণ থিয়েটার হলে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করি। প্রতিদিনই একসঙ্গে এই পাঁচটি মিলনায়তনে নাটক হয়েছে। এতটুকুই পেরেছি এখন পর্যন্ত। ১০ জায়গায় এখনো সম্ভব হয়নি। তবে আমরা আন্তরিকভাবেই সারা ঢাকায় একসঙ্গে নাট্যমঞ্চায়নের জন্য মিলনায়তন আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছি।