আহসান মঞ্জিলে রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আহসান মঞ্জিল প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনের অনুষ্ঠানমালা। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যয়’ ও ‘প্রতিপালক’। অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বরেণ্য সংগীতব্যক্তিত্ব অজিত রায়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে অসামান্য অবদানের জন্য শিল্পী পাপিয়া সারোয়ার ও সাদি মহম্মদকে ‘কবিগুরু সম্মাননা-২০১১’ প্রদানের ঘোষণা দেওয়া হয়। দেশীয় বাদ্যযন্ত্র একতারা, দোতারা, বাঁশি, ঢোলের সমন্বয়ে বাউল সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের রসবোধ’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও বিশিষ্ট রম্যলেখক রণজিৎ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশচন্দ্র দাস। অনুষ্ঠানমালার মধ্যে ছিল গান, নৃত্য, আবৃত্তি ও বাউলগান।গান গেয়ে শোনান শিল্পী মহিউজ্জামান চৌধুরী, আবদুল ওয়াদুদ, মোশতাক আহমেদ, অভিজিৎ চৌধুরী, দিলীপ দাস, সাগরিকা জামালী, খন্দকার খায়রুজ্জামান প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে রবিরাগ, গীতসুধা, অভ্যুদয়, বিশ্ববীণা, সুরের ধারা, গীতিশতদল ও নিবেদন। নৃত্য পরিবেশন করে শর্মিলী বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। গাইবান্ধার চিন্নকের শিল্পীরা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীর পুরুষ’ কবিতার নৃত্যরূপ।