আমাদের বাণিজ্যিক ছবির নায়কেরা পর্দায় কী কী কাজ করেন? তাঁরা গরিবের বন্ধু। বস্তি উচ্ছেদের সময় জাদুমন্ত্রবলে হাজির হন। তাঁরা দুশ্চরিত্র-দুরাচারদের যম। কথায় কথায় দেশ-জাতি এসব মার্গীয় বিষয়ে কঠিন বক্তৃতা দেন। সুপারম্যান না হয়েও তাঁরা প্রয়োজনমাফিক উড়তে পারেন। জন্মগতভাবেই তাঁরা মারপিটে সুদক্ষ। অন্যায়-দুর্নীতি দেখলেই তাঁদের রক্ত গরম হয়ে যায়। নায়কদের আরও একটি অবশ্যকর্তব্য—নায়িকাদের সম্ভ্রম রক্ষা করা। মোস্ট ওয়েলকাম ছবির নায়ক আরিয়ান চৌধুরীর (অনন্ত) মধ্যে এসব গুণই পুরোপুরি বর্তমান। তবে ব্যতিক্রম এই—নায়িকার সম্ভ্রম রক্ষায় মরিয়া হলেও নিজের ‘সম্ভ্রম’ রক্ষায় তিনি যথেষ্ট পারঙ্গম নন। তাই নায়িকা অধরা (বর্ষা) যখন রাস্তাঘাটে এমনকি খোদ তাঁর অফিসে এসে তাঁকে জোর করে ‘ইয়ে’ করে, তখন তাঁর রাগে-দুঃখে হাত-পা কামড়ানো ছাড়া কিছুই করার থাকে না। প্রথমবার সিসি ক্যামেরার বদৌলতে নায়িকার ‘ইজ্জত লুণ্ঠন’-এর অভিযোগ থেকে রেহাই পেলেও পরের দুবারে তিনি অসহায় আত্মসমর্পণে বাধ্য হন। অবশ্য তাঁর এক্সট্রা কিছু গুণও আছে। তিনি দামি স্পোর্টস কার, এমনকি বিমান চালনায় দক্ষ। কম্পিউটার প্রযুক্তি বিষয়েও ঢাকাই ছবির এই নতুন ‘সেনসেশন’-এর মোটামুটি ধারণা আছে।ছবির শুরুতেই আমরা দেখব দুর্নীতিবাজ আর ঋণখেলাপিদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছেন আরিয়ান চৌধুরী। তাঁর কাজ জনে জনে গিয়ে সবাইকে ভালোপথে আসার জন্য ‘মোস্ট ওয়েলকাম’ জানানো।আরিয়ানের প্রথম ও চূড়ান্ত শিকার দুর্নীতিবাজ, ঋণখেলাপি আবদুল বাকের (আহমদ শরীফ)। আর কী কপাল! বাকেরের কন্যাই কিনা অপরূপা অধরা! বালিশে বা তোশকের মধ্যে টাকা লুকিয়ে রাখার অভিনব কৌশল আমরা পত্রিকায় দেখেছি। আবদুল বাকের তাঁর কালোটাকা জমিয়ে রেখেছেন ঘরের টাইলসের নিচে। আর সেটা পাহারা দিয়ে রাখে পোষা বিদেশি কুকুর। ওই সারমেয়শাবকই সাড়ে সর্বনাশটা ঘটিয়ে দেয় মালিকের। তাঁর অহেতুক ডাকাডাকির ফলে আরিয়ান চৌধুরী বুঝে ফেলেন ‘ডাল মে কুচ কালা হ্যায়’। বমাল ধরা পড়েন আবদুল বাকের। অতঃপর পুলিশি নির্যাতনের হাত থেকে রেহাই পেতে তিনি ‘প্যারালাইসিস’ রোগীর ভান ধরেন। ‘মাসুম’ বাবার ওপর এমন অন্যায়ের শোধ নিতে আরিয়ানের পিছু নেয় অধরা। কিন্তু (জোর করে দু-তিনবার চুমু খাওয়া ছাড়া) বিশেষ সুবিধা করতে পারে না। এদিকে দৃশ্যপটে আবির্ভাব হয় মুশকিল আসান বাবার (রাজ্জাক)। যিনি সবার মনের ইচ্ছা পূর্ণ করেন। তাঁর সহযোগী হয়ে কাজ করে এক মুখোশধারী। যাকে বলা যেতে পারে একালের রবিনহুড। আরিয়ানই যে মুখোশধারী সুপারম্যান সেটা দর্শক বুঝতে পারলেও পুলিশ প্রশাসন কিছুতেই বুঝে উঠতে পারে না। অতএব, রহস্যের কিনারা করতে পুলিশ আদাজল খেয়ে লাগে এবং বারবার ঘোল খায়।দৃশ্যপটে আসেন আরেক সৎ পুলিশ অফিসার বাপ্পারাজ। ভিলেনগোষ্ঠী যখন কোণঠাসা, তখন তাদের শক্তি বৃদ্ধি করতে হাজির দুষ্টের শিরোমণি আসিফ খান (মিশা সওদাগর)। দুইয়ে মিলে কৌশলে ঘায়েল করার ফন্দি আঁটে মুখোশধারীকে। কাহিনি উড়াল দেয় বাংলাদেশ থেকে শ্যামদেশ, মানে থাইল্যান্ডে। জমে ওঠে খেলা। বলাকায় বসে মোস্ট ওয়েলকাম দেখছি। রোববার অফিস-আদালত খোলা। বেলা সাড়ে তিনটার প্রদর্শনী। তবুও হলে লোকজনের অভাব নেই। দর্শকদের বড় অংশই তরুণ-তরুণী। এর আগে অনন্ত অভিনীত খোঁজ দ্য সার্চ হলে বসে দেখেছি। নায়কের রোমান্টিক সংলাপ আর বিচিত্র ইংরেজি শুনে বিমল আনন্দ পেতে দেখেছি দর্শকদের। আর হয়রান হয়েছি কাহিনির আগামাথা খুঁজতে গিয়ে। মোস্ট ওয়েলকাম সেদিক থেকে উৎকৃষ্টতর। যুক্তাক্ষরের ঝামেলা এখনো রইল। কিন্তু অনন্তর উন্নতিটা সত্যিই চোখে পড়ার মতো। নিজে শরীর গঠনের দিকে মনোযোগ দিয়েছেন। মনোরম লোকেশন, শ্রুতিমধুর গানের সঙ্গে ছবির কাহিনিটাও এবার মোটা দাগে পরিষ্কার বোঝা গেল। ঢাকাই ছবির নায়িকা মানেই ওজনসর্বস্ব—এই চিরসত্য অনন্ত ভুল প্রমাণ করেছেন। তাঁর নায়িকা এমনকি তস্য নায়িকারাও যথেষ্ট ফিগার ও পোশাক-সচেতন। এতকাল ছায়াছবিতে ঢাকাই ছবির নির্মাতারা শুধু বিমান ওঠানামার দৃশ্য দেখিয়েই বাহবা কুড়িয়েছেন। অনন্তর ছবিতেই ব্যাপক হারে বিমানের অন্দরদৃশ্যের সঙ্গে পরিচয় ঘটল ঢাকার রুপালি পর্দার। মস্তিষ্ককে বিশ্রাম আর চোখের আরাম দিতে পারে মোস্ট ওয়েলকাম। ঝকমকে ছবি, ডলবি ডিজিটাল সাউন্ড, চোখ ধাঁধানো লোকেশন, দুর্দান্ত কার চেজ, মুম্বাই মোহিনী স্নেহা উল্লালের আইটেম সং, উঁচু ভবন থেকে নায়কের লাফিয়ে পড়ার দৃশ্য, উড়ন্ত হেলিকপ্টারে লাস্ট অ্যাকশন, সাগরতলের দৃশ্য—বাণিজ্যিক ছবির সব মালমসলা এই ছবিতে মজুদ। রজনীকান্ত আর সালমান খান ভক্তদের—মোস্ট ওয়েলকাম।