আহ্ বৃষ্টি
>

আবার এসেছে আষাঢ়। বরষার ঝরঝর সারা দিন ঝরছে। আচ্ছা, সিনেপাড়ায়ও তো বর্ষা আসে, কীভাবে শুটিং হয় সে সময়? বৃষ্টি কি কারও জন্য আশীর্বাদ হয়ে আসে? কারও জন্য অভিশাপ? বর্ষায় শুটিং নিয়ে কত যে ঘটনা আছে! চলুন, বৃষ্টির মধ্যে বাদাম আর ধোঁয়া-ওঠা চা খেতে খেতে তারই কিছু জেনে নিই।

বাংলা সিনেমায় একটি বৃষ্টির দৃশ্য মনে করিয়ে দেয় অনেক স্মৃতি। সত্যজিৎ রায়ের পথেরপাঁচালীরদুর্গা-অপুর সেই বৃষ্টিতে ভেজার মুহূর্ত এখনো অনেকের শৈশবের স্মৃতিকে তাজা করে তোলে। আবার রুনা লায়লার গাওয়া ‘এই বৃষ্টিভেজা রাতে চলে যেয়ো না’ গানের সঙ্গে অঞ্জু ঘোষের নাচ, গতানুগতিক ঢালিউড ধারার রংচঙে আদর্শ বৃষ্টির দৃশ্যের উদাহরণ হয়ে থাকে। বৃষ্টির নানা রূপ আমাদের সিনেমায় দেখানো হয়েছে নানা ঢংয়ে। কখনো তো দেখা যায়, অকারণেই ছবিতে আরোপ করা হয়েছে বর্ষণমুখর কোনো দৃশ্য, যা আদতেই চলচ্চিত্রের সঙ্গে যায় না, শুধু চোখের খিদে মেটায়। আবার কখনো দেখা যায় একটি বৃষ্টির দৃশ্য কী অসাধারণভাবে ছবির কাহিনির সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে!

হুমায়ূন আহমেদের ছবিগুলো থেকে কি বৃষ্টিকে আলাদা করা যায়? তাঁর শ্রাবণমেঘেরদিন, দুইদুয়ারী, আমারআছেজল ছবিগুলোয় বৃষ্টি দৃশ্যগুলো নয়নশোভন। দেখে মন ভরে যায়। কিংবা জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার ছবিটিতে বৃষ্টির নান্দনিক ব্যবহার তো চোখে লেগে থাকে। খিজির হায়াত খানের জাগো ছবিটিতেও বৃষ্টি এসে মন ভিজিয়েছে। এ রকম আরও অনেক ছবিতেই বৃষ্টি আছে, বর্ষা আছে, আমাদের এই ক্রন্দনরত ঋতুটিকে এভাবেই সিনেমায় মূর্ত করে রেখেছেন পরিচালকেরা।

টানা বৃষ্টি, শুধু আড্ডা
সপ্তাহ দেড়েক আগের ঘটনা। আকাশের অবস্থা ভালো দেখে পরিচালক পবিত্রভালোবাসা সিনেমার শুটিংয়ের দিনক্ষণ ঠিক করলেন। স্থান কক্সবাজার। ঢাকা থেকে বিমানে চড়ে কক্সবাজারে গেলেন সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী ফেরদৌস ও মৌসুমী। সেখানে ছবির গান ও কয়েকটি দৃশ্যের শুটিং হবে। এরপরই এই সিনেমার ক্যামেরা ক্লোজ হয়ে যাবে—এমনটাই বলেন মৌসুমী। নায়ক-নায়িকার কাছ থেকে পরিচালক দুই দিনের শিডিউল নিয়েছেন। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা যে করেই হোক শেষ করতে হবে। বিমানের ফিরতি টিকিটও করে রাখা।
দেখা গেল নির্ধারিত দুই দিন শুটিংই করা যায়নি। ছিল টানা বৃষ্টি। হোটেলে বসে আড্ডা দিয়ে সময় পার করেছেন তাঁরা। যেদিন ঢাকায় ফিরবেন সেদিন সকালে আকাশ কিছুটা পরিষ্কার দেখে পরিচালক সিদ্ধান্ত নিলেন নায়ক-নায়িকার অনুমতি নিয়ে শুটিং করা যায় কি না?
পরিচালকের কথা ভেবে নায়ক-নায়িকাও রাজি হন কাজ এগিয়ে রাখতে। কিন্তু শেষ পর্যন্ত পুরো শুটিং শেষ না করতে পারলেও সাগরপাড়ের দুটি দৃশ্য ও গানের একটি দৃশ্যের কাজ সেরে ঢাকায় ফিরে আসেন সবাই।

বৃষ্টি যখন আশীর্বাদ
সেদিন বৃষ্টি ফেরদৌসের জন্য বিড়ম্বনা হলেও শুরুর দিকে একটা সিনেমায় আশীর্বাদ হয়ে এসেছিল। হঠাৎবৃষ্টি সিনেমার শেষ দিকে পরিচালক বাসু চ্যাটার্জি নাকি কৃত্রিম বৃষ্টি চাননি। ফেরদৌস বলেন, ‘কলকাতার গড়িয়াহাটার রাস্তায় শুটিং করেছি। সিনেমার শেষ দিকে প্রিয়াংকা আমার সঙ্গে দেখা করার ওই দৃশ্যে সত্যিকারের বৃষ্টির জন্য তিন দিন অপেক্ষা করেছিলাম। এর মধ্যে দুই দিন ইনডোর অংশের শুটিং সেরে নিই। আর এক দিন কোনো কাজ করতে পারিনি, অপেক্ষা করেছি শুধু বৃষ্টির। এরপর বৃষ্টিও আমাদের জন্য সহায় হয়। আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে কাজটা করতে পেরেছিলাম।

বৃষ্টিতে বিপাকে
বসগিরি সিনেমার শুটিংয়ে সময়ও বৃষ্টির কারণে ভালোই বিপাকে পড়তে হয়েছিল পরিচালক শামীম আহমেদ রনীকে। সাধারণ সিনেমার কোনো মারামারির দৃশ্য ধারণের জন্য টানা দুই দিন সময় নেওয়া হয়। সেখানে বস গিরি সিনেমায় বৃষ্টি এতটাই বাধা হয়ে দাঁড়িয়েছিল যে এই মারামারির শুটিং শেষ করতে লেগে গিয়েছিল ছয় দিন। সে ছবির অভিনেতা শাকিব বলেন, ‘আমরা তখন বসুন্ধরার তিন শ ফুটে শুটিং করছিলাম। মারামারির দৃশ্য। বৃষ্টি শুরু হলে দৌড়ে গাড়িতে উঠে বসি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ায় বাসায় চলে আসতাম। বৃষ্টি থামার পর আবার বাসা থেকে বের হয়ে স্পটে যাওয়ামাত্রই ঝুমবৃষ্টি শুরু হতো। বিষয়টা কাকতালীয় মনে হতে পারে, কিন্তু এমনটাই ঘটেছিল মারামারির দৃশ্যের শুটিং করার ওই সময়টাতে। এভাবে থাকার কারণে দুই দিনের কাজ ছয় দিনে শেষ হয়।
দেশের এ সময়ের জনিপ্রয় নায়িকা বুবলিও বসগিরি সিনেমার শুটিংয়ে সময় বৃষ্টি বিড়ম্বনায় পড়েন। তিনি বলেন, ‘সময় স্বল্পতায় বর্ষা মৌসুমে আমাদের শুটিং করতে হয়েছিল। বৃষ্টির মধ্যে হঠাৎ রোদ উঠত তখন শুটিং করতাম। আবার হঠাৎ কড়া রোদের মধ্যেও ঝুম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। যখন টানাবৃষ্টি হচ্ছে, তখন অপেক্ষা করছি থামার জন্য। যেহেতু আমরা বৃষ্টির মধ্যেই শুটিং করতাম, তাই মানসিকভাবে আমরা প্রস্তুত। তবে যত দূর মনে হতো প্রডাকশন খরচ এতে বেড়ে যায় অনেক বেশি।

ঝুম বৃষ্টিতে ত্রিপলের নিচে
গত বছরের মাঝামাঝি সময় প্রেমীওপ্রেমী ছবির শুটিংয়ে বান্দরবানের ‘পিক সিক্সটি নাইন’-এ যান আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। শুটিং স্পটে যাওয়ার সপ্তাহখানেক আগে সেখানে সেটের যাবতীয় কাজ শেষও করা হয়। বাদ সাধে বৃষ্টি। শুটিং শুরুর দিন তুমুল বৃষ্টিতে পুরো সেট লন্ডভন্ড হয়ে যায়। সেদিনের মতো আর শুটিং করতে পারেননি তাঁরা। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয় বলে জানান আরিফিন শুভ।
পরদিনও আবহাওয়া খুব একটা অনুকূলে ছিল না। সেদিনের কথা মনে করে শুভ বললেন, ‘সকালে দেখি হঠাৎ কুয়াশা। সকাল আটটা থেকে আমরা বসা। ক্যামেরাম্যানকে লোকেশনে পাঠালাম। তিনি ওয়াকিটকিতে বলেন, ‘কুয়াশার মধ্যে নিজেকেই তো দেখতে পাচ্ছি না। কী শুটিং করব?’ সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম। কুয়াশা কেটে যাওয়ার পর সুন্দর একটা দৃশ্য ধারণ করা হলো। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি, সঙ্গে বাতাস। আমরা যেখানে ছিলাম সেখানে ত্রিপল টানিয়ে রাখি। বাতাস ও বৃষ্টি এত বেশি ছিল যে ত্রিপল উড়িয়ে নিয়ে যাওয়ার অবস্থা। আমরা সবাই শুটিং বাদ দিয়ে ত্রিপল ধরে রইলাম।’
আরিফিন শুভর আলোচিত সিনেমা ছুঁয়ে দিলে মন-এর ক্ষেত্রেও নাকি এমনটাই ঘটেছে। সিনেমার টাইটেল গান ‘ছুঁয়ে দিলে মন’-এর শুটিংয়ের জন্য পুরো ইউনিট নিয়ে পরিচালক গিয়েছিলেন সিলেটের জাফলংয়ে। সেখানে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। আশপাশে যাওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। তাই বৃষ্টি থামলে শট দিয়ে গাড়িতে গিয়ে বিশ্রাম নিতে হয় বলে জানান শুভ।