আড়াই বছর পর তনিমা
মঞ্চের মানুষ মঞ্চে ফিরবেন—এটাই স্বাভাবিক। জন্মের পর থেকেই থিয়েটারের মানুষের সঙ্গে চলাফেরা, নাটক দেখে দেখে বড় হয়ে ওঠা। একদিন নিজেই মঞ্চে গিয়ে নাটকে অভিনয় করা। এ গল্প তনিমা হামিদের। বাবা ম. হামিদ, মা ফাল্গুনী হামিদের থিয়েটার পরিবারে জন্ম নেওয়া তনিমা হামিদ ছোটবেলা থেকেই মঞ্চের সঙ্গে আছেন। টানা অভিনয়জীবনের ছেদ ঘটে আড়াই বছর আগে। ঠিক আড়াই বছর পরই আবার নাট্যচক্রের হয়ে ফিরছেন মঞ্চে। কেন এমনটি হলো? ‘এর মধ্যে আমি সন্তানের মা হয়েছি। সন্তানের বয়স ১৩ মাস। ফলে এ সময়টায় কোনো কাজই করিনি। এমনকি টেলিভিশনেও নয়। মোটকথা সন্তান জন্মের আগে থেকেই কাজ বন্ধ রেখেছিলাম। এখন সন্তান একটু বড় হয়েছে। ভাবলাম, পরিবারের কারও কাছে রেখে কাজ করা সম্ভব হবে। সেই ভাবনায় কাজ শুরু করছি।’ বললেন তনিমা হামিদ। গত মাসে পরীক্ষণ থিয়েটার হলে নাট্যচক্রের ভদ্দরনোক নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির শেফালী চরিত্রে দীর্ঘদিন পর দেখা গেল তাঁকে। তনিমা বললেন, ‘শেফালী চরিত্রটি নিয়ে গল্পও আছে।’ কী সে গল্প? তনিমাকে জিজ্ঞাসা করি। উত্তরে বললেন, ‘আমার মা ফাল্গুনী হামিদ এ চরিত্রটি করতে গিয়ে প্রায় ১০০ বার মঞ্চে উঠেছেন। আমিও সেই চরিত্রটিই এখন করছি। এ কারণে চরিত্রটি নিয়ে আমার মধ্যে অন্য রকম আকর্ষণ কাজ করে। আমারও অর্ধশত রজনী এ চরিত্রটি করা হলো।’