মিমির গানে হাতেখড়ি উচ্চাঙ্গসংগীত দিয়ে। রয়েছে শাস্ত্রীয় সংগীতের প্রতি দুর্বলতাও। বাংলা চলচ্চিত্রে এরই মধ্যে গেয়েছেন আড়াই শর মতো গান। আগামী মাসেই প্রকাশ পাবে মিমির দ্বিতীয় একক আড়াল। ‘এক দিওয়ানা’ খ্যাত গায়িকা মিমি এখন ব্যস্ত নিজের দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে। আগামী মার্চে প্রকাশের লক্ষ্যে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে নিচ্ছেন একক অ্যালবামটির কাজ। এবারের অ্যালবামের নাম দিয়েছেন আড়াল। মিমি জানালেন, আড়াল অ্যালবামে মোট গান থাকবে সাতটি। এরই মধ্যে চারটি গানের কাজ শেষ করা হয়েছে। গান চারটির সুর ও সংগীত করেছেন হূদয় খান। বাকি তিনটির কাজও কিছুদিনের মধ্যে শেষ করা হবে। তবে এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করিনি। যে প্রতিষ্ঠান উপযুক্ত পারিশ্রমিক দেবে, সে প্রতিষ্ঠানকেই অ্যালবামটি দেব।’ আড়াল অ্যালবামের গানের কথা লিখেছেন মিলন মাহমুদ ও গুঞ্জন চৌধুরী। মিমি বলেন, ‘হূদয় খানের সুর-সংগীতে গান করার ইচ্ছা অনেক দিনের। এবার সেটা করতে পেরে দারুণ ভালো লাগছে। সব গানেই বৈচিত্র্য আছে।’ অ্যালবামটির একটি গানের ভিডিও নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছি। এটি বানাবেন গাজী শুভ্র।’ কণ্ঠশিল্পী মিমির জন্ম নোয়াখালীর বেগমগঞ্জে। বাবা আবুল হাশেমের চাকরি সূত্রে খাগড়াছড়িতে থাকতে হয়েছে অনেক দিন। বেড়ে ওঠা সেখানেই। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ লক্ষ করে পরিবার। তাই স্কুলে ভর্তি করার আগেই মিমির জন্য হারমোনিয়াম কিনে আনেন বাবা। ওস্তাদ তাপস কুমার পালের কাছে প্রথম শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। কিছুদিন পর দ্বারস্থ হন বিধান রায় বিশ্বাসের কাছে। তাঁর কাছেও শাস্ত্রীয়, উচ্চাঙ্গসংগীতের তালিম নেন। সংগীতে নিজের সফলতা দেখিয়েছেন স্কুলজীবনেই। ১৯৯৮ ও ১৯৯৯ সালে স্কুলে পড়াকালীন ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ প্রতিযোগিতায় গান গেয়ে পরপর দুবার স্বর্ণপদক পেয়েছেন। স্টেজ শোতে গান করার অভ্যাসটা তখন থেকেই। মিমির পছন্দের শিল্পীর তালিকায় আছেন শাহনাজ রহমতউল্লাহ্ ও মিতালী মুখার্জি। আর সংগীতের ক্ষেত্রে সব সময় আদর্শ মানেন আশা ভোঁশলেকে। পুরোনো দিনের বাংলা, হিন্দি, আধুনিক গান ও চলচ্চিত্রের গান শুনে ছোটবেলা থেকে সেগুলো কণ্ঠে ধারণ করার একটা চেষ্টা ছিল সব সময়। শাস্ত্রীয় সংগীত শেখার কারণে গানগুলো সহজে মানিয়ে যেত তাঁর কণ্ঠে। স্বপ্ন দেখতেন বড় হয়ে চলচ্চিত্রে গানে কণ্ঠ দেওয়ার। মিমি বলেন, ‘চলচ্চিত্রের গানের প্রতি আগ্রহ কাজ স্কুলে পড়ার সময় থেকেই। বিষয়টা যেমন অনেক চ্যালেঞ্জিং তেমনি উপভোগ্যও।’ চলচ্চিত্রে মিমির স্বপ্নের বাস্তবায়ন করার সুযোগ আসে ২০০৪ সালে। সংগীত পরিচালক শওকত আলী ইমন অ্যাকশন হিরো ছবির জন্য গান তৈরি করছিলেন। মিমির কণ্ঠ শুনে ভালো লাগে তাঁর। এটিই মিমির জীবনের প্রথম প্লে-ব্যাক। দ্বৈত গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ মেলান বাদশা বুলবুল। এরপর একে একে গান করেছেন আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, আলী আকরাম শুভসহ দেশবরেণ্য সংগীত পরিচালকের সুর ও সংগীতে। মিমি বলেন, ‘আমার সৌভাগ্য, খুব অল্প সময়ে দেশের প্রথম সারির সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যেকোনো চ্যালেঞ্জিং গানের বেলায় তাঁরা আমার ওপর আস্থা রাখতে পারেন। বিষয়টা আমার জন্য আনন্দের।’আট বছরে বাংলা চলচ্চিত্রে আড়াই শর মতো গানে কণ্ঠ দিয়েছেন মিমি। কয়েকটি শ্রোতাপ্রিয় গানের মধ্যে ‘বল না কবুল’ ‘তুমি কত সুন্দর’ ‘গতকালও একা ছিলাম’, ‘দুনিয়াটা রেলগাড়ি’, টুকরো টুকরো করে দেখো’, ‘পরান যায় জ্বলিয়ারে’, ‘একটা মনের ইস্টিশনে’, গানগুলো উল্লেখযোগ্য।চলচ্চিত্রে গান করার পাশাপাশি পংকজ ও মান্নান মোহাম্মদের সুর ও সংগীতে দিওয়ানা শিরোনামে তাঁর অ্যালবামটি প্রকাশ পায় ২০০৯ সালে। আরেকটি বিশেষ গুণ আছে মিমির। তা হলো উপস্থাপনা। ক্যামেরার সামনে বেশ প্রাণবন্তভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন। একুশে টিভির ‘মিউজিক বিট’ অনুষ্ঠানটি উপস্থাপনাও করেন তিনি। এখন অবশ্য অনুষ্ঠানটি বন্ধ রয়েছে। আরটিভিতে গানবিষয়ক আরেকটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন তিনি। ‘নতুনের জয়গান’ নামের এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবারে দেখানো হয়।একক অ্যালবামের পাশাপাশি মিমির পাঁচটি মিশ্র গানের অ্যালবামও বাজারে এসেছে। এগুলো হচ্ছে ‘অনুভবে’, ‘না বলা ভালোবাসা’, ‘শান্তির সাদা কবুতর’, ‘সূর্য আলোতে শাণিত প্রাণের গান’ ও পুরোনা দিনের গান নিয়ে ‘তুমি যেখানে আমি সেখানে’। মিমির এখনকার স্বপ্ন দ্বিতীয় একক আড়াল নিয়ে। এখন সেই স্বপ্নেই বিভোর মিমি।