আড়ালেই প্রেম পছন্দ সোহার
প্রেম-ভালোবাসার ক্ষেত্রে তারকারা সব সময়ই একটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেন। আবার যখন জনসমক্ষে তাঁদের দেখা যায় তখন এটিকে নিজেদের স্রেফ বন্ধুত্ব বলেই চালিয়ে দিতে পছন্দ করেন। ব্যতিক্রম ছিলেন বলিউড অভিনেত্রী সোহা আলী খান এবং অভিনেতা কুনাল খেমু। তাঁদের প্রেমের কাহিনি জানেন না এমন লোকের সংখ্যা খুবই কম। কিন্তু এবার তাঁরা দুজনই সিদ্ধান্ত নিয়েছেন অন্তত কিছুটা গোপনীয়তা অবলম্বন করার। তাঁরা এখন থেকে প্রেম-ভালোবাসার বিষয়টিকে আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সোহা টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘তারকা জুটিদের বাস্তব জীবনের গল্প শুনতে শুনতে ভক্ত-শ্রোতারা সবাই বেশ বিরক্ত। পর্দায় তাঁদের একই সঙ্গে দেখতে অনেকটা অনাগ্রহী হয়ে উঠেছে।’ উল্লেখ্য, বলিউডের এক সময়ের আলোচিত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলী খানের মিডিয়ায় আগমন ঘটে বাংলা ছবি ইতি শ্রীকান্ত-র মধ্য দিয়ে। একই বছরে সোহা অভিনীত ‘দিল মাঙ্গে মোর’ ছবিটিও মুক্তি পায়।