আয়নাবাজিতে ছয় চঞ্চল!

চঞ্চল চৌধুরী অভিনীত নতুন চলচ্চিত্র ‘আয়নাবাজি’। এখন চলছে ডাবিংয়ের কাজ। আর কদিন কাজ করলেই শেষ হবে ডাবিংয়ের কাজও। নতুন এই ছবিতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাঁকে। এ ছবিতে চঞ্চল চৌধুরী একাই অভিনয় করেছেন ছয়টি চরিত্রে।
নতুন এই ছবিটি নিয়ে চঞ্চল অনেক বেশি আশাবাদী। রোববার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা।
এ প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রের ছয়টা রূপ আছে। শুটিং শুরুর আগে প্রতিটি চরিত্র নিয়ে আমার অনেক চিন্তা ছিল। কারণ, একেকটি চরিত্রের সঙ্গে একেক ধরনের রূপসজ্জার ব্যাপারও আছে। রূপসজ্জার ওপর অনেকাংশে নির্ভর করে চরিত্রের বিশ্বাসযোগ্যতা। আর এই কাজটি খুব চমৎকারভাবে করেছেন কলকাতা থেকে আসা রূপসজ্জাশিল্পী মোহাম্মদ আলী।’ তিনি বলেন, ‘চরিত্রের সঙ্গে মানানসই রূপসজ্জার দায়িত্বটি তিনি সঠিকভাবে পালন করায় আমি অভিনয়ে ভালোভাবে মনোযোগ দিতে পেরেছি। প্রতিটি চরিত্রই ছিল চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করেছি সেই চ্যালেঞ্জকে অতিক্রম করার চেষ্টা করেছি।’
‘আয়নাবাজি’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘নির্মাতা হিসেবে অমিতাভ রেজাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে তিনি নিজেকে প্রমাণ করেছেন। এই ছবিতে খুব দারুণ একটা গল্প যেমন আছে; ঠিক তেমনি আছে সহশিল্পীও।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘এই ছবির সিনেমাটোগ্রাফিতে ছিলেন বাংলাদেশের সবচেয়ে নামকরা সিনেমাটোগ্রাফার রাশেদ জামান। এভাবে একেজন করে বলে শেষ করা যাবে না। এককথায় বলতে গেলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সেরা মানুষগুলো ‘আয়নাবাজি’ ছবির সঙ্গে যুক্ত আছেন। সেই হিসেবে নিঃসন্দেহে বলা যায়, “আয়নাবাজি” নতুন কিছু।’
টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এর আগেও চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য গিয়াসউদ্দীন সেলিমের ‘মনপুরা’, গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ও মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’।
নতুন ছবি ‘আয়নাবাজি’ প্রসঙ্গে চঞ্চল এও বলেন, ‘আগের ছবিগুলোতে কাজ করে আমি বেশ কিছু নতুন বিষয় শিখতে পেরেছি। ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। এখন আমি আরও পরিণত। সে হিসেবে কাজ কিছুটা হলেও ভালো হওয়ার সম্ভাবনা তো আছেই। বাকিটা দর্শকেরাই ভালো বলতে পারবেন।’
সামনের বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘আয়নাবাজি’। এই ছবির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন।
‘আয়নাবাজি’ ছবিতে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করছেন নাবিলা, লুত্ফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম শাওন ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়া প্রমুখ।