আয়ুষ্মানের পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ুষ্মান খুরানা
আয়ুষ্মান খুরানা
সোনম কাপুর ও আয়ুষ্মান খুরানা
সোনম কাপুর ও আয়ুষ্মান খুরানা

গানটা লেখা হয়েছিল ২০০৩ সালে৷ আয়ুষ্মান তখন চণ্ডীগড়ের এক কলেজের ছাত্র৷ পড়াশোনার পাশাপাশি গ্রুপ থিয়েটার আর গিটার বাজিয়ে গান করেই সময় কাটে পাঞ্জাবের ছেলে আয়ুষ্মান খুরানার৷ এমনি একদিন ছোটবেলার বন্ধু রোচক কোহলিকে নিয়ে একটা গান লিখে ফেললেন তিনি৷ হালকা মেজাজের সেই পাঞ্জাবি প্রেমের গানটি সঙ্গে সঙ্গেই মনে গেঁথে গেল আয়ুষ্মানের৷ এরপর আট বছর কেটে গেছে৷ বলিউডে নিজের ফিতে কাটা ছবি ভিকি ডোনার-এর সেটে প্রায়ই গিটার সঙ্গে নিয়ে আসেন আয়ুষ্মান৷ একদিন পরিচালক সুজিত সিরকারকে সাহস করে বলেই ফেললেন, ‘আমি একটা গান লিখেছি৷ আপনি শুনবেন?’ এই কথা শুনে অবাকই হয়েছিলেন সুজিত! কিন্তু তাঁর চেয়েও বেশি অবাক করলেন আয়ুষ্মান নিজেই৷ ভিকি ডোনার ছবির ‘পানি দা রাং’ শিরোনামের সেই গানটি শুধু হিটই করল না, সোনু নিগম-মোহিত চৌহানদের ডিঙিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ গায়কের পুরস্কারও উঠে এল আয়ুষ্মানের হাতে৷ শুধু কি তা-ই? মাত্র পাঁচ কোটি রুপি ব্যয়ে নির্মিত তাঁর এই অভিষেক ছবি শুধু ভারতীয় বক্স অফিস থেকেই কুড়াল ৪০ কোটি রুপি৷ স্টার কিড না হয়েও আয়ুষ্মান খুরানা ঘরে তুলে নিলেন নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার, আইফা, জি, স্ক্রিন, স্টারডাস্টসহ প্রায় সব পুরস্কার৷
আয়ুষ্মানের জ্যোতিষী বাবা হয়তো নিজের ছেলের হাত দেখেও কখনো ভাবতে পারেননি, তাঁর বড় ছেলে একদিন এই উচ্চতায় পৌঁছাবে৷ সাফল্যের ভাগ্যটা শুধু হাতেই লেখা থাকে না, কাজের মধ্যেও যে মেশানো থাকে৷
আয়ুষ্মানের শুরুটা হয়েছিল মঞ্চে অভিনয় দিয়েই৷ কলেজের ছাত্র থাকতেই মঞ্চনাটকে জড়িয়ে পড়েছিলেন৷ সে সময় মঞ্চ ছাড়া অভিনয় করেছেন প্রচুর পথনাটকে৷ নিজে নাটক লিখেছেন, দিয়েছেন নির্দেশনাও৷ মঞ্চনাটক, গান আর পড়াশোনার ফাঁকেই এমটিভি চ্যানেলের রোডিজ শোয়ের দ্বিতীয় মৌসুমে অংশ নেন আয়ুষ্মান৷ জীবনের মোড়টা ঘুরে যায় এখানেই৷ রোডিজের চ্যাম্পিয়ন হয়ে এমটিভিতে অনেক টিভি শো উপস্থাপনার সুযোগ পান৷ এরপর সেটম্যাক্স, স্টার প্লাস, কালারস চ্যানেলেও তাঁকে অনেক অনুষ্ঠানে ভিজে হিসেবে দেখা গেছে৷ প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনার কারণে ছোট পর্দার দর্শকদের কাছে ভিজে হিসেবে তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল দিন দিন৷ এরপর ভিকি ডোনার-এর মাধ্যমেই জ্যাকপট পেলেন আয়ুষ্মান খুরানা৷ ছবির নামভূমিকায় প্রাণবন্ত অভিনয় ও গান গাওয়ার সুবাদে রীতিমতো সুপারস্টারে পরিণত হলেন রাতারাতি৷ সমসাময়িক আর কোনো নতুন মুখের অভিনেতা আয়ুষ্মানের মতো পুরস্কার লাভের ক্ষেত্রে এতটা সাফল্য দেখাতে পারেননি৷ তাঁর দ্বিতীয় ছবি নওটাঙ্কি সালাওবক্স অফিসে আলো ছড়িয়েছে গত বছর৷ এই ছবিতেও আয়ুষ্মানের গলায় জনপ্রিয় হয়েছে ছবির গান৷ এ ছাড়া গত বছর প্রকাশিত হয়েছে তাঁর সিঙ্গল গানের অ্যালবাম ও হিরিয়ে৷
সম্প্রতি মুক্তি পেয়েছে নূপুর আসহানা পরিচালিত আয়ুষ্মান খুরানার তৃতীয় ছবি বেওয়াকুফিয়া৷ যশরাজ ফিল্মসের এই ছবিতে সোনম কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি৷ তবে আয়ুষ্মানের জন্য বক্স অফিস এবার কোনো সুসংবাদ বয়ে আনেনি৷ মুক্তির প্রথম সপ্তাহে বেওয়াকুফিয়ার আয় মাত্র সাত কোটি রুপি৷ ১৪ কোটি রুপি বাজেটের এই ছবি মুক্তির আগে স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে নিরাপদ অবস্থানে থাকলেও যতটা আশা ছিল ছবি নিয়ে, তার সিকি ভাগও পূরণ হয়নি৷ তবে আয়ুষ্মান আবার প্রমাণ করেছেন, তিনি ঝাঁকের কই নন৷ চিত্রনাট্য অন্য রকম হলে তবেই তিনি দেখা দেন৷ এবারও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়৷

বেওয়াকুফিয়ার চিত্রনাট্য লিখেছেন ব্যান্ড বাজা বারাত, ইশাকজাদে, শুধ দেশি রোমান্স-এর মতো জনপ্রিয় ছবির চিত্রনাট্যকার হাবিব ফয়সাল৷ গ্ল্যামারে আর অভিনয়ে এ ছবিতে সোনম কাপুরও কুড়িয়েছেন প্রশংসা৷ এ ছাড়া এ বছর মুক্তি পেতে পারে আয়ুষ্মান খুরানার আরেকটি ছবি হামারা বাজাজ৷ প্রথম ছবির পর একই পরিচালক সুজিত সিরকার ও নায়িকা ইয়ামির সঙ্গে আয়ুষ্মান করছেন এই ছবি৷ ছবির একটি গানের সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি৷

l সাজিদুল হক
টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ওয়ান ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ও উইকিপেডিয়া অবলম্বনে