
২০১৬ সালটা হলিউড তারকাদের অনেকের জন্য মন্দ ছিল। তবে স্কারলেট জোহানসনের ব্যাপারটা অন্য রকম। কারণ, তিনি এ বছর নিজের পকেট সবচেয়ে বেশি ভারী করতে পেরেছেন। মার্কিন সাময়িকী ফোর্বস-এ তথ্য দিয়েছে। তাঁর ছবি ক্যাপটেন আমেরিকা: সিভিল ওয়ার এবং হেইল সিজার! গত ১২ মাসে বিশ্বজুড়ে ১২০ কোটি ডলারের ব্যবসা করেছে। প্রথম ছবিটিতে তিনি ব্ল্যাক উইডোর ভূমিকায় অভিনয় করেছেন।
শীর্ষ উপার্জনকারী তারকাদের তালিকায় জোহানসনের পরপরই ঠাঁই পেয়েছেন তাঁর দুই সহশিল্পী ক্রিস ইভানস ও রবার্ট ডাউনি জুনিয়র। তাঁদের প্রত্যেকের ছবির আয় ছিল ১১৫ কোটি ডলার। আগের বছর (২০১৫) এই তালিকায় ক্রিস প্র্যাট শীর্ষ স্থানটি অর্জন করেছিলেন। আর ২০১৪ সালে সবচেয়ে বেশি উপার্জন করেছিলেন জেনিফার লরেন্স। ফোর্বস বিশ্বব্যাপী সিনেমার টিকিট বিক্রির পরিমাণ এবং বক্স অফিস মোজো ওয়েবসাইটের বিশ্লেষণমূলক তথ্যের ভিত্তিতে বার্ষিক শীর্ষ উপার্জনকারী তারকাদের এই তালিকা বানায়। এতে অ্যানিমেটেড চলচ্চিত্রগুলো জায়গা পায় না। কারণ এসব ছবিতে তারকা অভিনয়শিল্পীরা কেবল কণ্ঠ দেন, প্রত্যক্ষ অভিনয় করেন না।
২০১৬ সালের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে রয়েছেন অস্ট্রেলীয় তারকা মার্গট রবি। তিনি সুইসাইড স্কোয়াড নামের সফল ও বিতর্কিত ছবিটিতে কাজ করেছেন। তালিকায় আরও আছেন অ্যামি অ্যাডামস। তিনি ব্যবসাসফল বিজ্ঞান কল্পকাহিনি অ্যারাইভাল ছবিতে অভিনয়ের জন্য সুনাম অর্জন করেছেন। এ ছাড়া তাঁর ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস ছবিটিও ভালো করেছে।

বক্স অফিস মোজোর হিসাবে জোহানসন গত জুনে ইতিহাসের সর্বোচ্চ আয় করেছেন। তিনি হলিউড চলচ্চিত্র শিল্পে উপার্জনের ক্ষেত্রে নারী-পুরুষ ভেদাভেদ নিয়ে অসন্তোষ জানিয়ে গত বছরের শুরুর দিকে বলেছেন, ‘আমার সৌভাগ্য, সত্যিই সুন্দর জীবন যাপন করতে পারি। অভিনেত্রী হতে পেরে গর্বও বোধ করি। কারণ, পুরুষ সহকর্মীদের সমান আয় করতে পারছি। আমার মনে হয়, প্রতিটি নারী এখানে যোগ্যতার চেয়ে কম মজুরি পাচ্ছেন। কিন্তু আমি কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলতে পারি। সব মিলিয়ে অবস্থাটা যাচ্ছেতাই। এই সমস্যা নিয়ে আরও বড় পরিসরে আলোচনা দরকার।’
অভিনয়ের পাশাপাশি অধিকার আন্দোলনেও জোহানসন সক্রিয় আছেন। প্রমাণ, মার্কিন মুলুকের রাজধানীতে অনুষ্ঠিত বহুল আলোচিত নারী সমাবেশে (উইমেনস মার্চ) তাঁর সদর্প উপস্থিতি। জনতার সামনে নির্দ্বিধায় বলেছেন, তিনি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেননি।
৩২ বছর বয়সী তারকা জোহানসন তাঁর নতুন ছবি গোস্ট ইন দ্য শেল নিয়েও বেশ আশাবাদী। এটি জাপানি একটি চলচ্চিত্রের পুনর্নির্মাণ। এতে তিনি সাইবার অপরাধ দমনে নিযুক্ত একজন নিরাপত্তা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।
বিবিসি ও হাফিংটন পোস্ট অবলম্বনে