হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীবের মা—এই পরিচয়ের বাইরেও নিজস্ব মহিমায় উদ্ভাসিত ছিলেন আয়েশা ফয়েজ। মুক্তিযুদ্ধে হারিয়েছেন স্বামী ফয়জুর রহমানকে। আজীবন সংগ্রামী এই মানুষটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। প্রকাশনা সংস্থা তাম্রলিপি গত বছর থেকে প্রদান করছে ‘আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার’। ২০১৭ সালে মধুমিতা চক্রবর্তী ও শ্বেতা শতাব্দী এষ পেয়েছেন এই সাহিত্য পুরস্কার। পুরস্কার হিসেবে তাঁরা পান যথাক্রমে ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা। এ ছাড়া তাঁদের সম্মাননা প্রদান করা হয়।
গতকাল শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ছিল আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন নিসর্গবিদ দ্বিজেন শর্মা। অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, হরিশংকর জলদাস ও আয়েশা ফয়েজের ছেলে শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। স্বাগত বক্তব্য দেন তাম্রলিপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম।