আয়োজনটি রবীন্দ্রনাথের নাচ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল আয়োজিত ‘নৃত্য উপলব্ধি’তে রবীন্দ্র নৃত্যের পরিবেশনা
বেঙ্গল আয়োজিত ‘নৃত্য উপলব্ধি’তে রবীন্দ্র নৃত্যের পরিবেশনা

কোনো নির্দিষ্ট নৃত্যরূপ নয়, রবীন্দ্রনাথ আপন করে নিয়েছেন লোকজ, শাস্ত্রীয় ও বিদেশি—সব ধরনের নাচকেই। কোমলতা প্রকাশ করতে মণিপুরি ও তেজ প্রকাশ করতে কথাকলিকে প্রাধান্য দিতেন তিনি। তাঁর নাচে মিশে আছে ওডিশি, ভরতনাট্যম ও কত্থকও। লোকজ নাচের মধ্যে বাউল, গারবা আর বিদেশি নাচের মধ্যে শ্রীলঙ্কার ক্যান্ডি ও ইন্দোনেশিয়ার বালি ও জাভার নাচের মুদ্রাও মেলে রবীন্দ্রনৃত্যে।
নৃত্যশিল্পী ও শিক্ষক শর্মিলা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র-নৃত্যধারা নিয়ে একে একে জানাচ্ছিলেন তথ্যগুলো। রবীন্দ্রনাথের জন্মদিনের এক সপ্তাহ পর তাঁর নাচ নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় এ আয়োজন করেছিল বেঙ্গল ফাউন্ডেশন। ডেইলি স্টার ভবনের ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্ক্টে অনুষ্ঠিত হয় এ আয়োজন। শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নিয়মিত সেখানে হচ্ছে শাস্ত্রীয় নাচ নিয়ে এ আয়োজন ‘নৃত্য উপলব্ধি’। পঞ্চমবারের আয়োজনের বিষয় হলো ‘রবীন্দ্র-নৃত্যধারা’। তাঁর উপস্থাপনার সঙ্গে প্রজেক্টর থেকে আলো এসে পর্দায় ক্রমে স্পষ্ট করছিল রবীন্দ্রনাথের আঁকা ছবি, আলোকচিত্র, নৃত্যশিল্প বিষয়ে তাঁর মত, তাঁর শেখানো নাচ নিয়ে অন্যদের স্মৃতিচারণা। উপস্থাপনার ফাঁকে ফাঁকে পরিবেশিত হচ্ছিল রবীন্দ্রনাথের বিভিন্ন নৃত্যরীতির নাচ। একে একে নাচ হলো ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’, ‘গহন কুসুমকুঞ্জ-মাঝে’, ‘আমার অঙ্গে অঙ্গে’, ‘কেটেছে একেলা বিরহের বেলা’, ‘মায়াবনবিহারিণী হরিণী’, ‘গুরু গুরু গুরু’, ‘এবেলা ডাক পড়েছে কোন্খানে’, ‘নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায়’, ‘বাজে বাজে রম্যবীণা বাজে’ গানগুলোর ওপর। উপস্থাপনা থেকে জানা গেল, রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে বিভিন্ন নৃত্যধারার সমন্বিত রূপের সঙ্গে রবীন্দ্রনাথের সংযম মিলে প্রতিষ্ঠিত হয়েছে এ নৃত্যধারাটি। তার যথার্থ প্রমাণ মিলল পরিবেশিত নাচগুলোতে।