ইঁদুর ইঁদুর ইঁদুর

আপাতদৃষ্টিতে মনে হবে, ইঁদুরের আক্রমণের শিকার হয়েছে অলিয়ঁস ফ্রঁসেজ। ভেতরের একচিলতে উঠোনে টাঙানো দড়ি বেয়ে ওঠা–নামা করছে তারা। উঠোনজুড়ে ছড়িয়ে পড়ে আছে, তবে স্থবির। মৃৎ ইঁদুরের মধ্যখানেই অতিথিরা বসে শুনছিলেন ইঁদুর বিলুপ্তির নেপথ্যের কাহিনি। যে ভাবনা থেকে কামরুজ্জামান স্বাধীনের স্থাপনাশিল্প প্রদর্শনী।
আজ শুক্রবার বিকেলে ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী কামরুজ্জামান স্বাধীনের একক শিল্প প্রদর্শনী ‘রুটেড ইন সয়েল’। কীভাবে প্রকৃতিকে নিজেদের খেয়ালখুশিমতো ব্যবহার করে আমরা বিষাক্ত ও দূষিত করে ফেলছি। তাতে দুর্লভ হয়ে উঠছে নিরাপদ বাতাস, পানি ও খাবার। যেভাবে মানুষই হয়ে উঠছে প্রকৃতি ও মানুষের সবচেয়ে বড় শত্রু। এর ভেতরে কোনো না কোনোভাবে মানুষ টিকতে চেষ্টা করছে বটে। কিন্তু প্রকৃতির আর সব উপাদান বিলুপ্তির দিকে এগোচ্ছে। স্বার্থপর মানুষের লোভে উজাড় হচ্ছে বন, ধ্বংসের পথে ধাবিত হচ্ছে পশুপাখি, সাগর ও বাতাস। সেটাই দেখানো হয়েছে এই প্রদর্শনীতে। প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে ইঁদুর।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘স্থাপনা শিল্প নিয়ে আমার একটি দুঃখবোধ আছে। সেটা হচ্ছে, প্রায় চল্লিশজন মানুষ ছয় মাস ধরে এই স্থাপনাশিল্পের জন্য যে কাজগুলো করেছে, সাত দিন পর এগুলো আর থাকবে না। সব স্থাপনাশিল্পের ক্ষেত্রে এ অবস্থাই হয়। স্বাধীনের ইঁদুরগুলো নিয়ে আমার তেমন কিছু বলার নেই। শুধু এটুকু বলতে পারি, ইঁদুর জিনিসটা খারাপ না, যেমন “টম-অ্যান্ড জেরি”র জেরি, মিকি মাউস। যদিও একটু বেশি দুষ্টুমি করে ওরা।’ শিল্পীর ব্যাপারে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি, তাঁর ভেতরে একটা যন্ত্রণা কাজ করছে। মানুষের ক্ষতি করছে, মানুষকে ধ্বংস করতে পারে, এমন অপশক্তিগুলো শক্তিশালী হয়ে উঠছে, সেই যন্ত্রণা।’
গ্যালারির ফিতা কেটে ভেতরে গিয়ে তিনি ঘুরে দেখেন স্তূপ করে রাখা ধান এবং সেগুলোর ওপর হামলে পড়া হাজার হাজার ইঁদুর। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের, বিশেষ অতিথি শিল্পী ও সমালোচক মোস্তফা জামান ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।

কোথা থেকে এল ভাবনা
ঠাকুরগাঁওয়ের মোলানি পাড়ায় এক সাঁওতাল গ্রামে এ প্রকল্পটি শুরু হয় চলতি বছরের শুরুতে। শিল্পীর শৈশব কেটেছে ঠাকুরগাঁওয়ে। সেই সূত্রে ছোটবেলা থেকেই এই নৃগোষ্ঠীর সঙ্গে তাঁর সখ্য। তাঁদের জীবনধারার পরিবর্তনগুলো তিনি দেখেছেন খুব কাছ থেকে। ধীরে ধীরে শিকার ছেড়ে আধুনিক কৃষিকাজ হয়ে উঠল তাঁদের প্রধান জীবিকা; জীবনধারার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে তাঁদের চারপাশ, উচ্চফলনশীল ফসল আর কীটনাশকের অতি ব্যবহারে পালিয়ে গেল শেয়াল, প্যাঁচা, ইগলসহ আরও অনেক প্রাণী—এ অঞ্চলের প্রাণের ভারসাম্য রক্ষায় যাদের ছিল প্রত্যক্ষ অবদান। সাঁওতালেরা আগে ইঁদুর শিকার করত। আজ সেই ইঁদুর দখল করে নিয়েছে তাঁদের মাটির ঘর বাড়ি।
এই প্রকল্পের অংশ হিসেবে শিল্পী কামরুজ্জামান স্বাধীন সাঁওতালদের সঙ্গে নিয়ে মাটি দিয়ে তৈরি করেছেন কয়েক হাজার ইঁদুর। প্রদর্শনীতে রয়েছে সেই প্রকল্পের একটি অংশ। এর মূল ভাবনা হলো, মানুষের সঙ্গে প্রকৃতির জটিল সম্পর্ক। প্রদর্শনীতে আছে পোড়ামাটির হাজার হাজার ইঁদুর, শত শত তির ও একটি ভিডিও ইনস্টলেশন। সঙ্গে কিছু চিত্রকর্ম, যা তৈরি হয়েছে সাঁওতালদের ঘর লেপনের পদ্ধতি ব্যবহার করে।
প্রদর্শনীটি চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।