ইংরেজিতে 'দেশে বিদেশে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটির ইংরেজি অনুবাদ করেছেন নাজেস আফরোজ। ছবিতে কথা বলছেন তিনি। ডানে আলোচক আফসান চৌধুরী l ছবি: প্রথম আলো
সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটির ইংরেজি অনুবাদ করেছেন নাজেস আফরোজ। ছবিতে কথা বলছেন তিনি। ডানে আলোচক আফসান চৌধুরী l ছবি: প্রথম আলো

‘বেঈমান বললে পাঠানের রক্ত খাইবার পাসের টেম্পারেচার ছাড়িয়ে যায়, আর ভাইকে বাঁচাবার জন্য সে অত্যন্ত শান্ত মনে যোগাসনে বসে আঙুল গোনে, নিদেনপক্ষে তাকে কটা খুন করতে হবে। কটা লোক খুন হবে এ নিয়ে তারা বলে, আমার যে চার-চারটা বুলেট বাজে খরচা হলো তার কী? তাদের গুষ্ঠি-কুটুম কান্নাকাটি করছে কিন্তু একজনও একবারের তরে আমার বাজে খরচার খেসারতির কথা ভাবছে না। ইনসান বড়ই খুদপরস্ত, সংসার বড়ই স্বার্থপর।’
ওপরের কথাগুলো সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইয়ের। ১৯২৭ সালে তিনি কাবুলের শিক্ষা বিভাগে চাকরি করতে যান। তাঁর সেই সময়ের অভিজ্ঞতা ও আফগানিস্তানের রাজনৈতিক চিত্র উঠে এসেছে বইটিতে। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে। সেই সময়ের আফগানিস্তানের ইতিহাস তেমন করে কেউ তুলে ধরেননি, যতটা পাওয়া যাবে দেশে বিদেশে বইটিতে।
প্রায় ৬৫ বছর পর এ বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন সাংবাদিক নাজেস আফরোজ। গতকাল সোমবার গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। সেই অনুষ্ঠানে ভারতীয় এই লেখক জানালেন, ২০০২ সালে তিনি আফগানিস্তানে যান। সঙ্গে ছিল বাংলা বইটি। কাবুলের পথে প্রান্তরে, কিংবা পাহাড়ে তিনি লেখকের বর্ণনা করা জায়গাগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি তাঁর আফগান বন্ধুদের এই বইটি ও লেখকের সম্পর্কে জানান। বই আকারে প্রকাশের জন্য নয়, আফগান বন্ধুদের আগ্রহেই বইটি অনুবাদ করা শুরু করেন তিনি।
ইংরেজি বইটি নিয়ে আলোচনা করতে উপস্থিত ছিলেন লেখক আফসান চৌধুরী। তিনি বলেন, বইয়ের আবদুর রহমান চরিত্রটি সব পাঠকের প্রিয়। এমন রসপূর্ণ করে ইতিহাস আর কে বলেছে!
লেখক এবং আলোচক বইয়ের বেশ কটি জায়গা উপস্থিত দর্শকদের পড়ে শোনান। অনুবাদক জানান, বইয়ের শেষ অধ্যায়টি পড়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তাঁর আফগান বন্ধুরা।
বাংলাদেশের বাইরে সৈয়দ মুজতবা আলীকে তেমন কেউ চেনেন না। সবাই আশা করেছেন, ইন অ্যা ল্যান্ড ফার ফ্রম হোম বইটির মাধ্যমে একজন বাঙালির চোখে কাবুল তথা আফগানের ইতিহাস-রাজনীতি বিশ্বদরবারে পৌঁছে যাবে।
বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপহাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুজতবা আলীর পরিবারের বেশ কজন সদস্য। বইটি প্রকাশ করেছে ভারতের স্পিকিং টাইগার প্রকাশনী। অনুষ্ঠানে জানানো হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় লেখকের চাচা কাহিনি বইটি ইংরেজিতে অনুবাদ করে প্রকাশের উদ্যোগ নিয়েছে।
দিলরুবা লতিফের চিত্র প্রদর্শনী
শিল্পী দিলরুবা লতিফের সাম্প্রতিক কালের আঁকা ৪০টি চিত্রকর্ম নিয়ে গতকাল শুরু হলো ‘পেইন্টেড লাভ’ শীর্ষক চিত্র প্রদর্শনী। এটি শিল্পীর তৃতীয় একক প্রদর্শনী। প্রতিটি ছবিই জলরঙে আঁকা। সোমবার সন্ধ্যা ছয়টায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বরেণ্য শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস অতিথিদের স্বাগত জানান।
প্রদর্শনী চলবে ১২ মে পর্যন্ত। রোববার বন্ধ। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা, শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে গ্যালারি।
শিল্পী পরিষদের রবীন্দ্র উৎসব আজ
আজ বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ষড়্বিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের উদ্বোধনী দিন। ৯ মে পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে চলবে এ উৎসব। সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনের উপহাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী। উৎসব সবার জন্য উন্মুক্ত।