ইংলিশ ভিংলিশ থেকে জার্মান ভার্মান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর মুক্তি পাওয়া ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে সফল প্রত্যাবর্তন ঘটেছে এক সময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী শ্রীদেবীর। বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। এবার জার্মান ভাষায় ছবিটির ডাবিংয়ের কাজ চলছে। ডাবিং শেষে জার্মানিতে ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী মে মাসে।এ প্রসঙ্গে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনালের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবিটির জার্মান সংস্করণ মুক্তি পাবে মে মাসে। এ ছাড়া শিগগিরই ক্যান্টোনিজ সাব টাইটেল সহ ছবিটি হংকংয়ের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। প্রতিদিন ছবিটির ২৯টি প্রদর্শনী হবে। হংকংয়ে এর আগে আর কোনো হিন্দি ছবিই এত বড় পরিসরে মুক্তি পায়নি। ‘ইংলিশ ভিংলিশ’ ছবির এমন সাফল্যে দারুণ খুশি শ্রীদেবী। তিনি বলেন, ‘আমি অনেক বেশি আনন্দিত। আশা করছি, সামনে আরও অনেক ভাষায় ডাবিং করে ছবিটি মুক্তি দেওয়া হবে বিশ্বের বিভিন্ন দেশে।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। এছাড়া, ছবির পরিচালক গৌরি সিন্দে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘ছবিটির গল্পে আমরা বলতে চেয়েছিলাম, ভাষার প্রতিবন্ধকতা ভেঙে বিশ্বের বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হোক। আমাদের সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। এজন্য আমি দারুণ উচ্ছ্বসিত।’