পরিচালক এন্ডি ফিকম্যান এবার নির্মাণ করেছেন ইউ এগেইন। এবার চিত্রনাট্য হিসেবে বেছে নিয়েছেন মোয়ি জেলিনের হাস্যরসাত্মক একটি গল্প। অবশ্য এ গল্প খুঁজে নিতেও ফিকম্যানের লেগেছে পাক্কা দুই বছর। শুরুতে জেলিন একটি গল্প লিখেছিলেন। ফিকম্যান সেই গল্প নিয়েই ছবির কাজ শুরু করতে যান। কিন্তু ছবির প্রযোজককে সেই গল্প সন্তুষ্ট করতে পারেনি। পরে জেলিন নতুন এক গল্প লেখেন। সেই গল্প প্রযোজক পছন্দ করলেও ফিকম্যান পরিবর্তন-পরিবর্ধনের পরামর্শ দেন। অনেক ঝড়ঝাপ্টা পেরিয়ে ইউ এগেইন-এর কাহিনি জন্ম নেয়। ছবির গল্পটি এ রকম: ভাইবোনের নির্মল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালোই চলছিল। হঠাৎ বোন জানতে পারে, তার ভাই এক মেয়ের প্রেমে পড়েছে। বোন খুশি। কিন্তু যখন সে জানতে পারে, ভাই তার কলেজেরই সবচেয়ে বিরক্তিকর মেয়ের প্রেমে পড়েছে, তখন সে ভাইকে এই মেয়ের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেয়। ভাই প্রেমে অন্ধ। তাই বোনকেই বাধ্য হয়ে সেই প্রেমিকার বিরুদ্ধে কাজ করার জন্য মাঠে নামতে হয়। ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ইউ এগেইন। অভিনয় করেছেন ক্রিস্টেন বেল, অডিট ইউস্টম্যান, বেটি হোয়াইট, সিগর্নি ওয়েভার, ক্রিস্টিন চেনোভেথ প্রমুখ। (সূত্র: ওয়েবসাইট)।