ইউ-টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ধনী ব্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ৩০ বছরের ইউ-টু। সম্প্রতি ফোর্বস সাময়িকী আয়ের দিক দিয়ে শীর্ষ ১০ শিল্পী ও দলের তালিকা প্রকাশ করেছে। তালিকায় গত বছরে ৮৪ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড আয় করে শীর্ষে রয়েছে ব্যান্ডটি। আইরিশ এ ব্যান্ডের সদস্য চারজন; যার মধ্যে মূল ভোকাল ও গিটারে আছেন পাল ডেভিড হিউসন, যিনি বোনো নামেই পরিচিত। এ ছাড়া গিটার ও কি-বোর্ডে আছেন ডেভিড হাউয়েল ইভানস, যিনি দ্য এজ নামে, বেজ গিটারে অ্যাডাম চার্লস ক্লেটন, যিনি অ্যাডাম ক্লেটন নামে এবং ড্রামসে লোরেন্স জোসেফ, যিনি ল্যারি মুলেন জুনিয়র নামেই শ্রোতাদের কাছে পরিচিত। প্রায় সমবয়সী সদস্যদের তৈরি ব্যান্ডটি অন্য সব ব্যান্ডকে পেছনে ফেলে গত বছর ৩৬০টি কনসার্ট করে আয় করেছে ১৩০ মিলিয়ন ডলার! শীর্ষ ১০-এর তালিকার মধ্যে ইউ-টুর পরের অবস্থানে আছে অস্ট্রেলিয়ান ব্যান্ড এসি/ডিসি, যাদের আয় ৭৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড। এ ছাড়া শীর্ষ ১০-এ অন্যদের মধ্যে আছেন বিয়ন্স নোয়েলস, ব্রিটনি স্পিয়ার্স, জে জি ও লেডি গাগার মতো জনপ্রিয় শিল্পী। আয়ারল্যান্ডের ডাবলিনে ১৯৭৬ সালের ২৫ সেপ্টেম্বর যাত্রা শুরু হয় ইউ-টুর। এ পর্যন্ত ইউ-টুর প্রকাশিত স্টুডিও অ্যালবাম ১২টি। তবে শুধু স্টুডিও অ্যালবামই নয়, এ ব্যান্ডের প্রকাশিত গানের মধ্যে রয়েছে আটটি লাইভ অ্যালবাম, ৫৬টি একক গান, ১৫টি ভিডিও অ্যালবাম, ৭৯টি মিউজিক ভিডিওসহ বেশ কিছু অ্যালবাম ও গান। টিনএজ বয়সেই সংগীতের প্রতি আগ্রহ, তার পর থেকে শুরু হয় ইউ-টুর যাত্রা। শুরুতে এ দলের নাম ছিল ফিডব্যাক, যা পরে ইউ-টু নামে পরিচিতি পায়। শুরুর তিন বছরের মধ্যে নিজ দেশ আয়ারল্যান্ডে অবস্থান শক্ত করে ব্যান্ডটি। চার বছরের মাথায় প্রথম অ্যালবাম বয় প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ব্যান্ডটি। এরপর অক্টোবর, ওয়ার, রাটল অ্যান্ড হাম, জোরোফাম, পপ, নো লাইন অন দ্য হরিজন প্রভৃতি অ্যালবামের মাধ্যমে এগিয়ে চলে ব্যান্ডটি। গানের পাশাপাশি ইউ-টু ব্যান্ডের সদস্যরা কাজ করে যাচ্ছেন বিভিন্ন জনপ্রিয় ছবির থিম সং ও মিউজিক নির্মাতা হিসেবে, যার মধ্যে চলতি বছর দলের অন্যতম সদস্য বোনো ও দ্য এজ স্পাইডার ম্যান: দ্য টার্ন অব দ্য ডার্ক ছবির মিউজিকের কাজ করছেন। ১৯৮৮ সালে মুক্তি পায় দ্য জশুয়া ট্রি অ্যালবামটি। সারা বিশ্বে তুমুল সাড়া জাগানো এ অ্যালবামের মাধ্যমে প্রথমবারের মতো ব্যান্ডটি জিতে নেয় সংগীতজগতের অন্যতম পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। এরপর বেস্ট রক গ্রুপ, অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার ও বেস্ট রক অ্যালবাম ক্যাটাগরিতে ২২টি গ্র্যামি অ্যাওয়ার্ড নিজেদের করে নেয় দলটি। এ ছাড়া দলটি পেয়েছে ব্রিট অ্যাওয়ার্ড, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, কিউ অ্যাওয়ার্ড, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ ৮৫টি পুরস্কার। পুরস্কারের পাশাপাশি ইউ-টুর রয়েছে আরও নানা স্বীকৃতি। বিভিন্ন সময় সংগীতবিষয়ক ম্যাগাজিনের মূল রচনা ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন রোলিং স্টোন-এর সব সময়ের সেরা ১০০ শিল্পীর তালিকায় ২২ নম্বরে রয়েছে ইউ-টু। তবে শুধু গানেই নয়, নানা ধরনের কার্যক্রমেও যুক্ত রয়েছে ব্যান্ডটি। বিভিন্ন দুর্যোগ, সামাজিক সচেতনতা, মানবাধিকারসহ নানা কার্যক্রমে নিজেদের যুক্ত করে ১৯৮০ সাল থেকে, যা এখনো চলছে। আগামী বছর বিশ্বব্যাপী ৩৬০ ডিগ্রি শীর্ষক মিউজিক ট্যুরের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি, যার জন্য মুখিয়ে আছে সারা বিশ্বের অসংখ্য দর্শক-শ্রোতা। নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট