ইউক্রেনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

এবারই প্রথম আয়োজন করা হচ্ছে ইউরোপীয় দেশ ইউক্রেনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার বাফটা কিংবা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মতো জমকালো ও চোখধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করবে ইউক্রেন। ২০ এপ্রিল ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। এ অনুষ্ঠান আয়োজন করছে নবগঠিত ইউক্রেনিয়ান ফিল্ম অ্যাকাডেমি।
ফিল্ম অ্যাকাডেমি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে চলচ্চিত্র নির্মাতাদের অর্জন ও সাফল্য উদ্যাপনে এ আয়োজন করা হচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শীর্ষ পুরস্কারের নাম হবে ‘গোল্ডেন জিগা’। রুশ চলচ্চিত্র নির্মাতা জিগা ভার্তভের নামে এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে। ১৯২৯ সালে জিগা ভার্তভ নির্মিত প্রামাণ্যচিত্র ‘ম্যান উইথ আ মুভি ক্যামেরা’কে চলচ্চিত্র জগতে একটি ক্ল্যাসিক উপাদান বলে গণ্য করেন চলচ্চিত্র বোদ্ধারা।
মোট ১৪টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। ইউক্রেনিয়ান ফিল্ম অ্যাকাডেমি নির্বাচিত বিচারক দল জয়ী ব্যক্তিদের বেছে নেবেন মনোনয়ন তালিকা থেকে। এর আগে ইউক্রেনে বিভিন্ন বিভাগে চলচ্চিত্র নির্মাতা বা অভিনয়শিল্পীদের সম্মাননা প্রদান করলেও অস্কার কিংবা বাফটার মতো করে বড় আয়োজন এটাই প্রথম।
ইউক্রেনীয় ফিল্ম অ্যাকাডেমি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রতিষ্ঠাতা ভিক্টোরিয়া টিগিপকো বলেন, ‘আমরা বিশ্বাস করি ইউক্রেনিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বড় প্রতিভা আছে এবং জাতীয় চলচ্চিত্রকে ইউক্রেনের সংস্কৃতি হিসেবে তুলে ধরতে আমরা সবকিছু করব।’
হলিউড রিপোর্টার