ইউটিউব থেকে আমন্ত্রণ পেলেন সালমান মুক্তাদির

ইউটিউবে তাঁর চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ১০ হাজারের ওপরে। সেই সুবাদে আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে ইউটিউব আয়োজিত ‘ফ্যানফেস্ট’-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন ঢাকার সালমান মুক্তাদির ও তাঁর দল। আমন্ত্রণটি এসেছে সরাসরি ইউটিউবের কার্যালয় থেকে। এরই মধ্যে আমন্ত্রণের চিঠি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে আপলোডও করেছেন তিনি।
১২ সেপ্টেম্বরের এই ফ্যানফেস্টে হাজির হবেন বিশ্বখ্যাত ইউটিউবাররা, যাঁরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিত পেয়েছেন। সেখানে সারা দিনই নানা ধরনের আয়োজনে মেতে থাকবেন তাঁরা। একই সঙ্গে বিশ্বখ্যাত তারকাদের সঙ্গেও দেখা করার সুযোগ পাবেন আমন্ত্রিত ব্যক্তিরা।
আমন্ত্রণপত্র পেয়ে সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের। আমি অনেক খুশি। এত অল্প সময়ে ভিসা পাব কি না, জানি না। তবে আমি যাওয়ার জন্য আগ্রহী। এরই মধ্যে ভিসা-সংক্রান্ত কাজগুলো শুরু করেছি।’
২০১৩ সাল থেকে ইউটিউবে নানা বিষয়ের ওপর মজার মজার ভিডিও দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সালমান মুক্তাদির। তাঁর সঙ্গে ইউটিউব ভিডিওতে অভিনয় করেছেন অনেকেই। এ ছাড়া টিভি নাটকেও দেখা গেছে তাঁকে।