ইউটিউবে আসছে কিংবদন্তির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলুদিয়া পাখি গানের ভিডিওতে তানজিন তিশা ও কাজি আসিফ
হলুদিয়া পাখি গানের ভিডিওতে তানজিন তিশা ও কাজি আসিফ

ভিডিওতে আসছে কিংবদন্তি শিল্পী ও গীতিকবি মুজিব পরদেশী ও আবদুল গফুর হালীর জনপ্রিয় চারটি গান। মুজিব পরদেশীর ‘আমি কেমন করে’ ও ‘হলুদিয়া পাখি’ এবং আবদুল গফুর হালীর ‘সোনা বন্ধু’ ও ‘পাঞ্জাবিওয়ালা’-এর মিউজিক ভিডিও দেখা যাবে ইউটিউবে। 

গানগুলোর একটিতে কণ্ঠ দিয়েছেন মুজিব পরদেশী নিজে এবং বাকিগুলো গেয়েছেন সালমা ও দোলা। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সারিকা, সোহানা সাবা, তানজিন তিশা, স্পর্শিয়া, কাজী আসিফ, আজাদ, মনোজ ও যায়িবকে। কিংবদন্তি সংগীতশিল্পীদের সৃষ্টিকে সংরক্ষণ ও তাঁদের গানগুলোকে ভিন্ন আঙ্গিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এ উদ্যোগ নিয়েছে প্রাণ।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগীত সংরক্ষণ নিয়ে এ উদ্যোগ সম্পর্কে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ ফুডসের অন্যতম মহাব্যবস্থাপক আলী হাসান আলম, ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া বিভাগের প্রধান কর্মকর্তা আজিম হোসাইন, শিল্পী মুজিব পরদেশী, গানগুলোর ভিডিও নির্মাতা রেদওয়ান রনি, আবদুল গফুর হালী ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন হায়দার প্রমুখ। ঈদুল ফিতরে গানগুলো দেখা যাবে ‘প্রাণ স্ন্যাক্স টাইম’-এর ইউটিউব চ্যানেলে।