ইউটিউবে এক ঝলক রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজ
রিয়াজ

ইউটিউবে এক ঝলক দেখা দিলেন চিত্রনায়ক রিয়াজ। ১৪ আগস্ট ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ‘সুইটহার্ট’ ছবির গানের ট্রেলার। ‘কেন রে তোর মাঝে’ শিরোনামের একটি গানে রিয়াজ ও মিমকে দেখা গেছে। তবে নায়ক রিয়াজের পুরো ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। মাত্র দুদিনে রিয়াজ ও মিম অভিনীত গানের ট্রেলার দেখা হয়েছে লাখের বেশি। পুরো ব্যাপারটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত রিয়াজ।

প্রথম আলোর সঙ্গে আলাপে রিয়াজ বলেন, ‘সিনেমায় অভিনয়ের জন্য ২০০৯ সালে শেষবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াই। চলচ্চিত্রের অবস্থা খারাপের পাশাপাশি অজানা কারণেও আর ছবিতে কাজ করা হয়নি। এটাকে হয়তো দুর্ভাগ্য বলতে পারেন। তবে সুইটহার্ট ছবির ট্রেলার প্রচারের পর থেকে সবার কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। এতে একদিকে যেমন ভালো লাগা কাজ করছে, অন্যদিকে খারাপও লাগছে।’

কেন?—এর জবাবে রিয়াজ বলেন, ‘আমি আসলে সব সময় অভিনয়ই করতে চেয়েছি; হোক তা বড় পর্দা কিংবা ছোট। এটাও ঠিক যে বড় পর্দাই আমাকে রিয়াজ হিসেবে মানুষের ভালোবাসা আর পরিচিতি এনে দিয়েছে। কিন্তু অবস্থা এতটা খারাপের দিকে যাচ্ছিল যে তাতে মানিয়ে নিতে না পেরেই চলচ্চিত্রের কাজ বন্ধ করে দিয়েছিলাম।’

‘সুইটহার্ট’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ ও মিম। চলচ্চিত্রে নিজের চরিত্র সম্পর্কে তিনি বললেন, ‘এই ছবিতে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে ছবিতে আমার উপস্থিতি মিনিট বিশেকের মতো হবে। এটাকে আবার ফেরার মহড়াও বলতে পারেন। সত্যি কথা বলতে, আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। ওটাই আমার আসল জায়গা। আমি খুব মিস করি।’

রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয় করেন পূর্ণিমা।