ইউটিউবে চটপটির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চটপটি’ ছবির একটি দৃশ্যে নীরব খান ও চমক তারা
‘চটপটি’ ছবির একটি দৃশ্যে নীরব খান ও চমক তারা

গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে আসা যুবকের গল্প নিয়ে ছবি ‘চটপটি’। একই সঙ্গে সেখানে দেখা যাবে একজন বার ড্যান্সারের সঙ্গে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের সংসারের কাহিনি। নির্মাতারা একে বলছেন গান, প্রেম ও জীবনের ছবি। ছবির আগেই ঈদুল ফিতর সামনে রেখে প্রকাশিত হলো এর গানের অডিও।

কাল বৃহস্পতিবার থেকে ইউটিউবে পাওয়া যাবে ‘চটপটি’ ছবির আটটি অডিও গান। এ ছাড়া মেহগনির ব্যানারে থাকবে তিনটি গানের ভিডিও। ছবির পরিচালক তারেক মাহমুদ জানান, ইতিমধ্যে শেষ হয়েছে ছবির ৬০ শতাংশ কাজ। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির চেষ্টা করছেন তাঁরা। তিনি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল ফিল্ম। সে জন্য ছবির গানগুলোকে আগে অবমুক্ত করা হয়েছে। গানগুলো দর্শকদের ভালো লাগলে ছবিটি আরও বেশি ভালো লাগবে।’
‘চটপটি’ ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নীরব খান, জারা ও চমক তারা। এ ছাড়া অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন ইমরুল শাহেদ, আফফান মিতুল, জিনান, লিজা খানম, শিখা কর্মকার, আশিক দেওয়ান, দিলু, কিরণ, আশিকুর রহমান, মিজানুর রহমান, সাজু আহমেদ, শিরিন, স্মৃতি প্রমুখ। নির্মাতারা জানান, চলচ্চিত্রের অগ্রজ অভিনয়শিল্পীরাও পর্যায়ক্রমে যুক্ত হচ্ছেন এই চলচ্চিত্রে।
প্রযোজনা প্রতিষ্ঠান ছায়ালোক মিডিয়া স্টেশনের প্রথম বাণিজ্যিক ধারার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চটপটি’-এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, গীত ও পরিচালনা করেছেন কবি ও অভিনেতা তারেক মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন বাসুদেব ঘোষ, আদিত্য সন্ন্যাসী, মীর হাসান, অমিত কর ও মাসুম। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মাহমুদ জুয়েল, পাপড়ি, প্রিয়াংকা গোপ, শিমুল খান, মাসুম, নাসরিন, অমিত কর, আইরিন রায়, আদিত্য সন্ন্যাসী, নুরুল আলম, হিটু এমদাদ ও তারেক মাহমুদ।