ইউটিউবে নতুন রেকর্ড গড়ল সাইয়ের ‘জেন্টেলম্যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরীয় র্যাপ সংগীতশিল্পী সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানের মতো ‘জেন্টেলম্যান’ গানটিও ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউবে। এরই মধ্যে ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে নতুন রেকর্ড গড়েছে ‘জেন্টেলম্যান’ গানের ভিডিওটি। ইউটিউবে এক দিনে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে রেকর্ড গড়েছে সাইয়ের ‘জেন্টেলম্যান’। সাইয়ের নতুন গানটির ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছিল ১৩ এপ্রিল শনিবার রাত নয়টায়। মাত্র চব্বিশ ঘণ্টায় ভিডিওটি দেখেছে প্রায় ২০ মিলিয়ন মানুষ। ইউটিউবে প্রকাশিত কোনো ভিডিও এর আগে এক দিনে সর্বোচ্চ আট মিলিয়নবার দেখা হয়েছে। গত বছরের মে মাসে প্রকাশিত ‘বয়ফ্রেন্ড’ গানের মিউজিক ভিডিওর কল্যাণে এত দিন সেই রেকর্ডের মালিক ছিলেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার। এবার বিবারকে হটিয়ে জায়গাটি দখল করে নিলেন সাই। জানিয়েছে এনকোয়ারারডটনেট।‘জেন্টেলম্যান’ গানের ভিডিওতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বিভিন্ন রেস্তোরাঁ, বিপণিবিতান, সুইমিং পুল ও গ্রন্থাগারে নাচতে দেখা গেছে সাইকে। মজার এই গানে কোরিয়ার ঐতিহ্যবাহী নাচ নিয়ে হাজির হয়েছেন সাই। কোরিয়ার সবার কাছে নাচটি সুপরিচিত হলেও বিশ্বের অন্যান্য দেশের মানুষ এ নাচ আগে কখনো দেখেনি। ইউটিউবে প্রকাশের ৩৬ ঘণ্টার মাথায় গানটি দেখা হয় ৪৪.৫ মিলিয়নবার। এর আগে ‘গ্যাংনাম স্টাইল’ গানের সঙ্গে অদৃশ্য ঘোড়ার পিঠে চেপে সাইয়ের অদ্ভুত ভঙ্গিমার নাচ দেখে মুগ্ধ হয়েছিল বিশ্বের অসংখ্য মানুষ। ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্ব রেকর্ডও গড়েছিল ‘গ্যাংনাম স্টাইল’। গত বছরের জুলাই মাসে ইউটিউবে মিউজিক ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এটি ১০০ কোটির বেশিবার দেখা হয়েছে।