ইউটিউবে নাসিরুদ্দিন শাহের ফিরতি উপহার

গতকাল বুধবার ছিল ভারতের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহর ৬৬তম জন্মদিন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন ও শাবানা আজমির মতো তারকারা। এ ছাড়া জন্মদিনে তিনি পেয়েছেন অগণিত ভক্তের শুভেচ্ছা ও ভালোবাসা। আর ভক্তদের ফিরতি উপহার হিসেবে নাসিরুদ্দিন শাহ দিয়েছেন অসাধারণ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
জন্মদিনের দুদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। অধিরাজ বসু নির্মিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শেরনাজ প্যাটেল, নবীন কাস্তুরিয়া ও শ্বেতা বসু প্রসাদ।
৩০ বছর আগে চলে যাওয়া প্রেমিকার সঙ্গে আবার দেখা হয় প্রেমিকের। এমনই পটভূমিতে ছবির গল্প। নাসিরুদ্দিন শাহ সেই প্রেমিক ও শেরনাজ প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন।
১২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মাত্র তিন দিনেই দর্শকের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ খবর লেখা পর্যন্ত ইউটিউবে ২ লাখ ৩৯ হাজারের বেশিবার এই ছবি দেখা হয়েছে।
উল্লেখ্য, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করলেন নাসিরুদ্দিন ও শ্বেতা। ২০০৫ সালে ‘ইকবাল’ সিনেমায় এই দুই শিল্পীকে একসঙ্গে দেখা গিয়েছিল। শ্বেতা তখন ছিলেন শিশুশিল্পী। ইন্ডিয়া ডটকম।