
এমন প্রদর্শনী রাজধানীতে তেমন দেখা যায় না। শিল্পী আর দর্শকের উপস্থিতিতে জাতীয় চিত্রশালার সবগুলো প্রদর্শন কক্ষ পরিপূর্ণ। ভেতরে যত লোকের উপস্থিতি, বাইরে অপেক্ষারতদের সংখ্যা তার চেয়ে বেশি। গতকাল মঙ্গলবার থেকে এখানে শুরু হলো ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা অনুষদের এক যুগে পদার্পণ উপলক্ষে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী।
পুরো আয়োজনে ছিল উৎসবের আমেজ—প্রবীণ ও নবীন শিক্ষার্থী-শিল্পীদের মেধা ও মননের মিশ্রণে বর্ণাঢ্য আয়োজন, ৫০০ শিল্পীর বিভিন্ন মাধ্যমের ৬০০ শিল্পকর্মের সমাহার। চিত্রশালার মিলনায়তনে দুপুরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মিজানুর রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আলোচনা করেন ইউডার ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও চারুকলা অনুষদের চেয়ারম্যান শিল্পী শাহ্জাহান আহমেদ। সভাপতিত্ব করেন ইউডার প্রতিষ্ঠাতা অধ্যাপক মুজিব খান।
অতিথিদের ফুল ও প্রতিকৃতি উপহার দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শাহ্জাহান আহমেদ প্রতিষ্ঠানের এক যুগের কার্যক্রম তুলে ধরেন। প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করে কাইয়ুম চৌধুরী বলেন, প্রকৃতির পর্যবেক্ষণের মধ্য দিয়ে শিল্পের উদ্ভব ঘটে। শিল্পী তৈরি হয়। সমাজের বিকাশ এবং রাষ্ট্র প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিল্পের প্রতি ভালোবাসা আছে বলেই প্রতিষ্ঠানটি ১২ বছর পদার্পণ করতে পেরেছে।
নজরুল ইসলাম প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী ও আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন, এখন বাংলাদেশের শিল্পকর্ম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত হয়ে উঠছে। বিদেশে আমাদের ছবি রপ্তানি হচ্ছে এবং দেশেও ছবির বাজার যথেষ্ট ভালো। বিদেশের বহু খ্যাতিমান শিল্পী এখানে তাঁদের কাজের প্রদর্শনী করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্যালারিতে যান অতিথি ও শিল্পীরা। অনুষদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল আয়োজনটি। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে ওঠে প্রদর্শনীর কক্ষগুলো। কক্ষের দেয়ালে নানা রঙের ছবি, মেঝেতে সাজানো ভাস্কর্য। অ্যাক্রিলিক, জলরং, মিশ্র মাধ্যম, ড্রয়িং, পেনসিল স্কেচের পাশাপাশি আলোকচিত্র, গ্রাফিকস ও ভাস্কর্যও স্থান পেয়েছে প্রদর্শনীতে। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এ প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।