ইউনিসেফের পুরস্কার পেল ‘সব বাধা পেরিয়ে’
ইন্টারন্যাশনাল চিলড্রেনস ডে অব ব্রডকাস্টিংয়ের (আইসিডিবি) আঞ্চলিক পুরস্কার পেয়েছে এটিএন বাংলার প্রামাণ্যচিত্র সব বাধা পেরিয়ে। ইউনিসেফ প্রতিবছর টিভিতে কর্মরত শিশু-কিশোরদের জন্য এই পুরস্কার দিচ্ছে। শিশুদের সমস্যা সম্পর্কে সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হতে উৎসাহ প্রদানের জন্য ১৯৯৪ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ইথিওপিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন এজেন্সি, মালয়েশিয়ার টিভি থ্রি, টোগোর টেলিভিশন টোগোলাইসি, উজবেকিস্তানের ইউজেডএনটিটি, মরক্কোর সোরিয়াড/টু এম এবং মেক্সিকোর টিভি ডিপটা-জালিসকোর সঙ্গে এ বছর বাংলাদেশের এটিএন বাংলা এ সম্মান অর্জন করেছে। জানা গেছে, আগামী ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মডার্ন হলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। শিশু-কিশোরদের নিয়ে এটিএন বাংলায় নিয়মিত দেখানো হচ্ছে আমরা করব জয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সদস্যরাই সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে তৈরি করেছে প্রামাণ্যচিত্র সব বাধা পেরিয়ে।