ইউনিয়ন পর্যায়েও উদ্যাপিত হবে বাংলা নববর্ষ: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে আন্তমন্ত্রণালয় বৈঠকে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শিল্পকলা একাডেমিতে আন্তমন্ত্রণালয় বৈঠকে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

‘এত দিন শুধু ঢাকায় উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ আর মঙ্গল শোভাযাত্রা উদ্‌যাপিত হতো। এবার সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও উদ্‌যাপিত হবে বাংলা নববর্ষ।’ জানালেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

পয়লা বৈশাখ সামনে রেখে গতকাল সোমবার শিল্পকলা একাডেমিতে আন্তমন্ত্রণালয় বৈঠকের শুরুতেই মন্ত্রী আরও জানান, আয়োজনের বিস্তারিত নিয়ে শিগগিরই এক প্রজ্ঞাপন জারি করবে সংস্কৃতি মন্ত্রণালয়।
এ বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকেরা এতে উপস্থিত ছিলেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহীম হোসেন খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতার শুরুতে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘গোটা বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা উদ্‌যাপনের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে এক নতুন পরিচয় তুলে ধরব আমরা। আমরা প্রমাণ করতে চাই, এ দেশ সংস্কৃতির দেশ, আবহমানকালের সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ। উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদকে গোটা বাঙালি যে প্রত্যাখ্যান করেছে, অসাম্প্রদায়িক মঙ্গল শোভাযাত্রা সারা দেশে উদ্‌যাপনের মাধ্যমে তা আমরা গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই।’
বৈঠকে জানানো হয়, রমনা বটমূলে ছায়ানটের পয়লা বৈশাখের অনুষ্ঠান ও চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানের মধ্যের বিরতি এবার দীর্ঘায়িত হবে।
সারা দেশে পয়লা বৈশাখের অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় দুই থেকে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
১ এপ্রিল বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হবে ১০ দিনব্যাপী বাংলা নববর্ষের মেলা। বাংলা একাডেমি ও বিসিক যৌথভাবে এই মেলার আয়োজন করবে।
প্রতিবছরের মতো বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া দেশের প্রতিটি কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানায়) ঐতিহ্যবাহী বাঙালি খাবার সরবরাহ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনে গত বছর ৩০ নভেম্বর জাতিসংঘের সংস্থা ইউনেসকো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে তাদের ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় অন্তর্ভুক্ত করে।