ঝলমলে নীল আকাশের নিচে তরুণ-তরুণীদের ভিড়। চারদিকে সাজিয়ে রাখা বইয়ের সারি থেকে পছন্দেরটি বাছাই করতে উৎসুক সবাই। গতকাল সোমবার সকালে এই দৃশ্য ছিল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের একটি কক্ষে।
তরুণ প্রজন্মের কাছে বইপড়ার গুরুত্ব তুলে ধরতে দুই দিনব্যাপী ‘ইউনেসকো বই ও প্রকাশনা প্রদর্শনী ২০১৩’ শুরু হয়েছে এখানে। বাংলাদেশ জাতীয় ইউনেসকো ক্লাব অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীর আয়োজন করে।
পরিবেশ, স্বাস্থ্য, বাউলসংগীত স্বরলিপি, পারিবারিক আইন, শিক্ষা, ইতিহাস, সংস্কৃতি, নারীর অধিকার, মানবাধিকার, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রায় দুই হাজার প্রকাশনা রয়েছে এই প্রদর্শনীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রদর্শনীর উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, ‘একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বইয়ের কোনো বিকল্প নেই। আধুনিক বিশ্বে জ্ঞানের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বই পড়তে হবে। এ প্রদর্শনী থেকে শিক্ষার্থীরা বই পড়তে উৎসাহিত হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণগ্রন্থাগারের মহাপরিচালক নুর হোসেন তালুকদার, ইউনেসকো ঢাকার কর্মকর্তা কিচি ওয়াসু, ইউনেসকো জাতীয় কমিশনের সচিব আবু হেনা মোরশেদ জামান, ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী। প্রদর্শনী চলবে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
শিল্পকলায় স্বপ্নদলের‘চিত্রাঙ্গদা’
রবীন্দ্রনাথ ১৮৯২ সালে মাত্র ৩১ বছর বয়সে মহাভারতের ‘চিত্রাঙ্গদা’ উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতীকরূপে রচনা করেন কাব্যনাট্য চিত্রাঙ্গদা। এর নাট্যকাহিনিতে উপস্থাপিত বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যবান নারী-পুরুষের চারিত্রশক্তি এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জয়ন্তী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন করেছে গতকাল সন্ধ্যায়।
নর্দার্ন থিয়েটার আয়োজিত ‘নর্দার্ন স্টুডিও থিয়েটার ফেস্টিভ্যাল-২০১৩’-এর অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথের চিরায়ত সৃষ্টি কাব্যনাট্য চিত্রাঙ্গদার গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
সার্ধশত রবীন্দ্রবর্ষে স্বপ্নদলের শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল ২০১১ সালে মঞ্চে আনে কাব্যনাট্য চিত্রাঙ্গদা। এতে অভিনয় করেছেন সোনালী রহমান, ফারজানা রহমান, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, হাসান রেজাউল, সামাদ ভূঞা, সুকন্যা আমীর, জেবুন্নেসা আলো, মাধুরী বেপারী, এনামুল হক, রেজাউল মাওলা, মাসুদ রানা, আলী হাসান, বিমল দাশ প্রমুখ।