ইউনেস্কো সদর দপ্তরে শামা রহমানের সংগীত পরিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে গত সোমবার অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী এবং পাবলো নেরুদা ও অ্যামি সিজার স্মরণে দুই দিনের অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। আরও উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, ভারতের রাষ্ট্রদূত বিনয় শীল ওবেরয়, ইউনেস্কোর সংস্কৃতি শাখার সহকারী মহাপরিচালক ফ্রান্সিসকো বান্দারিনসহ ফ্রান্স ও বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা।সোমবার অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শামা রহমান, ভারতের কবিতা কৃষ্ণমূর্তি ও প্যারিসের উদীচী শিল্পীগোষ্ঠী। বেহালায় রবীন্দ্রসংগীতের সুর বাজান এল সুব্রামানিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, সান্তনু রায় চৌধুরী, তবলাবাদক বিক্রম ঘোষসহ আরও অনেকে।এদিকে ইউনেস্কো শামা রহমানের গাওয়া রবীন্দ্রসংগীতের ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘পূজা’, ‘স্বদেশ’ ও ‘বিচিত্র’ পর্যায়ের গান নিয়ে পাঁচটি অ্যালবাম এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশের শতবর্ষপূর্তি উপলক্ষে ইউনেস্কো রিকনসাইল্ড ইউনিভার্সাল প্রোগ্রামের আওতায় প্রকাশ করেছে অসীম তুমি, প্রাণের প্রদীপ, এই করেছো ভালো, আলো ভুবন ভরা শিরোনামে আরও চারটি অ্যালবাম। গতকাল মঙ্গলবার ইউনেস্কোর সদর দপ্তরে শামার এই অ্যালবামগুলোর মোড়ক খোলেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা।