ইউপিএলের গ্রন্থ প্রদর্শনী চলছে গণগ্রন্থাগারে
জ্ঞানের ক্ষুধা নেই, এমন শিক্ষিত লোক খুঁজে পাওয়া মুশকিল। আর এই ক্ষুধা মেটায় ভালো বই। তবে সাধ আর সাধ্যের মধ্যে থাকে না বলে অনেকেই পছন্দের বইটি সংগ্রহ করতে পারেন না। সে কারণে সব সময় তাঁদের জ্ঞানক্ষুধাও মেটে না।বইপ্রেমীদের জন্য সুলভে বই সংগ্রহের সুযোগ করে দিয়েছে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। সংস্থাটি কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে আয়োজন করেছে বার্ষিক গ্রন্থ প্রদর্শনী। কম দামে ভালো বইয়ের সমাহার ঘটানো হয়েছে ওই মিলনায়তনে। ৩০ মে প্রদর্শনী শুরু হয়। চলবে ১১ জুন সন্ধ্যা সাতটা পর্যন্ত।প্রথম দিন থেকেই প্রদর্শনীস্থলে আগ্রহী পাঠকদের ভিড় ছিল লক্ষণীয়। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে উপন্যাস, ভ্রমণকাহিনি, নাটক, প্রবন্ধ, শিশুতোষ বই, অভিধান ও শব্দকোষ, সংকলন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ উন্নয়ন, ধর্ম ও দর্শন, ইতিহাস, মুক্তিযুদ্ধ, আত্মজীবনী, সমাজবিজ্ঞান, নৃ-তত্ত্ব, ভূগোল, স্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়নবিষয়ক বই।ইউপিএল প্রকাশিত বই ছাড়াও জেড বুকস, অক্সফোর্ড, সেজ, ওরিয়েন্ট লংম্যান, ব্ল্যাক সোয়ান, পেঙ্গুইনসহ বিভিন্ন বিদেশি প্রকাশনার বই সুলভে পাওয়া যাচ্ছে প্রদর্শনীতে। সর্বনিম্ন ১০ থেকে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। দামি অনেক বই বিক্রি হচ্ছে ২০ থেকে ৩৫ টাকায়।ছাড়ে যেসব বই পাওয়া যাচ্ছে এর মধ্যে রয়েছে—কবির চৌধুরীর বাংলাদেশে মৌলবাদ এবং আমাদের আকাঙ্ক্ষিত সমাজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানের পরার্থপরতার অর্থনীতি, মফিদুল হকের দেশভাগ, সাম্প্রদায়িকতা এবং সম্প্রীতির সাধনা, মালেকা বেগমের যৌতুকের সংস্কৃতি ও বাংলার নারী আন্দোলন, জয়া চ্যাটার্জির বাংলা ভাগ হল ইত্যাদি।