ইউরোপে সফল মেড ইন বাংলাদেশ

ইউরোপে মেড ইন বাংলাদেশ নৃত্যনাট্যের ২৭টি প্রদর্শনী হয়েছে। এর মধ্যে জার্মানিতে ২২টি, সুইডেনে দুটি এবং লুক্সেমবার্গ, হল্যান্ড আর সুইজারল্যান্ডে হয়েছে একটি করে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতেও নৃত্যনাট্যটির প্রদর্শনী হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন সাধনার সহায়তায় নৃত্যনাট্যটি প্রযোজনা করেছে জার্মানির এক্টোপিয়া ড্যান্স প্রডাকশন। নির্দেশনা দিয়েছেন হেলেনা ওয়াল্ডমান।
এই প্রযোজনায় নাচ ছাড়া ব্যবহার করা হয়েছে ভিডিওগ্রাফার আনা সাউপের পরিচালনায় পোশাকশিল্পের ওপর তৈরি চলচ্চিত্র ও স্থিরচিত্র। কলকাতার নৃত্যপরিচালক বিক্রম আয়েঙ্গারের পরিচালনায় নাচের অংশে কত্থক নৃত্যশৈলী ব্যবহার করা হয়েছে।
গত বছর ২৬ নভেম্বর জার্মানির লুডউইগ্হাফেনের থিয়েটার ফাল্সবাউতে অনুষ্ঠিত হয় নৃত্যনাট্যটির উদ্বোধনী প্রদর্শনী। এরপর এই নৃত্যনাট্য নিয়ে বছরব্যাপী দীর্ঘ সফর করেছে এক্টোপিয়া ড্যান্স প্রডাকশন। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সংকট নিয়ে তৈরি এই নৃত্যনাট্যে অংশ নিয়েছেন মুনমুন আহমেদসহ বাংলাদেশের ১২ জন নৃত্যশিল্পী।
সাধনার লুবনা মরিয়ম জানান, নৃত্যনাট্যটি নিয়ে এরই মধ্যে ইউরোপের প্রচারমাধ্যমগুলো বেশ প্রশংসা করেছে। সামনে আরও কয়েকটি উৎসবে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পেয়েছে নৃত্যনাট্যটি। মেড ইন বাংলাদেশ নৃত্যনাট্যের এই সফর আগামী বছরও অব্যাহত থাকবে।