ইউরোপ মিশনে সজল-মেহজাবিন

‘থাকা না থাকার মাঝখানে’ টেলিছবির শুটিংয়ে ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম ও সুইজারল্যান্ডে যাচ্ছেন ২০০৯ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার চ্যাম্পিয়ন মেহজাবিন এবং ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা সজল। মোহন খানের রচনা ও পরিচালনায় টেলিছবিটিতে জুটি বেঁধেছেন সজল ও মেহজাবিন।
ত্রিদেশীয় এই শুটিংয়ে অংশ নিতে ২১ জুন রাতের ফ্লাইটে পরিচালকসহ ফ্রান্সের উদ্দেশে পাঁচ দিনের জন্য ঢাকা ছাড়ছেন সজল ও মেহজাবিন।মেহজাবিন বলেন, ‘কয়েক বছর আগে একবার ফ্রান্স গিয়েছিলাম। সেটি ছিল শুধু বেড়ানোর জন্য। এবার যাচ্ছি শুটিংয়ের কাজে। ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম ও সুইজারল্যান্ডেও শুটিং হবে। গল্পটি সেভাবেই লেখা হয়েছে। মোহন খান অনেক গুণী একজন নির্মাতা। সব মিলিয়ে মনে হচ্ছে, টেলিছবিটি দর্শকনন্দিত হবে।’
এদিকে টেলিছবিটির নির্মাতা মোহন খান বলেন, ‘পাঁচ দিনের ভ্রমণের গল্প নিয়ে টেলিছবিটি নির্মিত হবে। আর গল্পের প্রয়োজনে শুটিং লোকেশন হিসেবে ওই তিনটি দেশকে বেছে নিয়েছি।’
পরিচালক সূত্রে জানা গেছে, ‘থাকা না থাকার মাঝখানে’ টেলিছবিতে সজলকে ফ্রান্সের একজন প্রবাসী বাঙালির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর মেহজাবিন উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যাবেন। এরপর কিছু সমস্যার মুখোমুখি হবেন মেহজাবিন। তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসবেন সজল। তাঁদের দুজনের ভ্রমণের মধ্য দিয়ে গল্প বলার চেষ্টা করা হবে। এভাবেই টেলিছবিটির গল্প এগিয়ে যাবে।