ইউরোপে কয়েক দিন

গত মাসের ১০ তারিখে রাত নয়টার ফ্লাইটে রওনা হলাম ফ্রাঙ্কফুর্ট। আমার মা বলত, নাঈম, যদি সত্যি অনেক বড় আর মানুষের মতো মানুষ হতে চাও, তবে বিশ্ব দেখো। বিশেষ করে ইউরোপ যাও। সংস্কৃতি আর ইতিহাসে ভরা। কে জানে মায়ের কথা সত্যি হতে যাচ্ছে কি না। সেই ইউরোপে যাওয়ার জন্য আমার ও আমার স্ত্রী নাদিয়া আহমেদের আবুধাবিতে কানেকটিং ফ্লাইট। কিন্তু সেটা মাত্র ৩০ মিনিটের মধ্যে। ঢাকা থেকে কেন যেন আমাদের ফ্লাইটটা ছাড়ল ২০ মিনিট দেরিতে। পাঁচ ঘণ্টা পর আমরা যখন আবুধাবিতে নামলাম, তখন একজন বললেন, ফ্রাঙ্কফুর্টের যাত্রী কারা? দাঁড়ালাম। দেখলাম, আমরা মোটে চারজন। ভাবছিলাম, তিনি হয়তো ফ্লাইট ধরার ব্যবস্থা করে দেবেন। কিন্তু বললেন কাউন্টারে যোগাযোগ করতে। বুঝতে বাকি থাকল না, ফ্লাইট মিস করেছি এবং আমাদের আবুধাবিতে অতিরিক্ত সাত ঘণ্টা বসে থাকতে হবে। নাদিয়া বলল, ভাবছিলাম নন্দিতা পৌঁছানোর আগে আমরা পৌঁছাব। তা হলো না, নন্দিতাই আমাদের আগে যাবে।
নন্দিতা হলো নাদিয়ার বোন। আমেরিকায় থাকে। ও আমাদের সঙ্গে ইউরোপ ঘুরতে যাবে। এ জন্য জার্মানি এসেছে। যা-ই হোক, এখন আমরা সাত ঘণ্টা কোথায়, কীভাবে কাটাব? আমাদের দুটো কুপন ক্যাপসুল স্লিপ ও ফুড ভাউচার দিল। শুরুতে বুঝিনি, পরে জানলাম, ক্যাপসুলের মতো ঘর, যেখানে একজন ঘুমাতে পারে, সেটা আবার ঢাকনা দিয়ে ঢাকাও যায়। যা-ই হোক, আমরা ঘুমালাম এবং সাত ঘণ্টা পর ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা হলাম।
ফ্রাঙ্কফুর্টে নাদিয়ার মামা অপু আলম থাকেন। আগে থেকেই মামা অপেক্ষায় ছিলেন। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ‘নন্দিতাকে বাসায় রেখে এলাম।’ উনি যে শহরে থাকেন, সেটার নাম মাইঞ্জ। সবাই রওনা হলাম। অনেক দিন পর নন্দিতার সঙ্গে নাদিয়ার দেখা। সুতরাং একটু আবেগাপ্লুত হয়ে পড়েছে ও। ঠিক করলাম, আজ রাত থেকেই আমাদের ঘোরাঘুরি শুরু হবে। বেরিয়ে গেলাম। মাইঞ্জ অনেক পুরোনো শহর, আর মামাও এখানে আছেন প্রায় ৪০ বছর। মামার বাসার সামনে বিখ্যাত রাইন নদী। জানালা দিয়ে পুরো নদী দেখা যায়। বের হওয়ার আগে মামা বললেন, ‘আগে ম্যাপ নিয়ে বসি, দেখি অল্প সময়ে কোথায় কোথায় যাওয়া যায়।’
শুরুতে গেলাম ২৪০ কিলোমিটার দূরে মনসেন গ্লাড বাগে। এখানে একটা পরিবারের সঙ্গে দেখা হলো। সেখানে খাওয়াদাওয়া করলাম। এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা। এদিকে আমার বন্ধুরা যোগাযোগ করল। জানাল আমাদের ‘গেট টুগেদার’-এর কথা। আমি সেটা চাপিয়ে দিলাম নাদিয়ার ওপর। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল। মামা জানালেন, আরও ১০০ কিলোমিটার দূরে একিনে আমরা রাত কাটাব। পরের দিন প্যারিস। তাই বাধ্য হয়ে উঠলাম।
একিনে পৌঁছে দেখলাম, ঢাকার বিয়েবাড়ির মতো করে মরিচবাতি দিয়ে একটা বাড়ি সাজানো। মামা ওই বাড়িতেই নিয়ে গেলেন। মামা বললেন, জামাই বেড়াতে আসছে, তাই এই সাজসজ্জা করেছেন তাসলিমা ও রাশেদ রাকিব দম্পতি। আমরা অবাক। তাঁদের বিনয় ও আতিথেয়তা আমাদের মুগ্ধ করল। পরের দিন রওনা হলাম প্যারিসের উদ্দেশে। একিন থেকে প্যারিস ৪৫০ কিলোমিটার। মাঝে দুবার বিরতি দিয়ে চার ঘণ্টায় পৌঁছলাম প্যারিসে।

আইফেল টাওয়ারের পাশে
প্যারিসে আসার আগে আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম দেখার প্ল্যান ছিল। রাতে লাবণী আপুর বাসা থেকে বের হলাম। প্যারিস দেখে মনে হলো, এটা আসলেই শিল্প, ফ্যাশন, ভালোবাসার শহর। চলে গেলাম আইফেল টাওয়ারের সামনে। কিন্তু আমার উচ্চতাভীতি আছে। তাই ওপরে উঠলাম না। কিন্তু নাদিয়া আর নন্দিতা সে সুযোগ হাতছাড়া করল না। এরপর নৌকা নিয়ে আমরা সবাই মিলে শহরটা ঘুরতে বের হলাম। সত্যি কথা বলতে কি, চোখে যা দেখলাম, তার দুই ভাগও এখানে লেখা সম্ভব নয়। শহর ঘুরে কিছু কেনাকাটাও হলো।
দুই দিন প্যারিসে ছিলাম আমরা। তারপর আবার মাইঞ্জে। মাইঞ্জে পৌঁছে আবার যথারীতি রোড ট্রিপ। সবাই মিলে গেলাম দুই শ কিলোমিটার দূরের শহর স্ট্রাসবুর্গ। অসাধারণ একটা শহর। ইচ্ছে ছিল এক দিন সেখানে থাকার। কিন্তু হয়নি। সেখান থেকে গেলাম স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। কী যে সুন্দর জায়গা! যে হোটেলটায় উঠলাম, সেটা অসাধারণ। পরদিন সকালে সবাই মিলে গেলাম ইউরোপের সবচেয়ে উঁচু জায়গা ইয়ং ফ্রাই ইয়োকি। এটা সমতল থেকে প্রায় ১৩ হাজার ৬৪২ ফুট উঁচু। পুরো জায়গাটা অনেক ঠান্ডা। কিন্তু খুব সুন্দর।

রোমিও-জুলিয়েটের বসতবাড়ি
সেটা ঘুরে রাতে গেলাম জেনেভায়। সেখানে রাতে থাকলাম সজল গুপ্ত ও জুলিয়েট কায়সারের বাসায়। জেনেভাতে আবার গেলে সেখানেই থাকব আমি। জেনেভা থেকে ইতালির ভেরোনা প্রায় ৩০০ কিলোমিটার। আমার খুব পছন্দের শহর। শহরে ঢুকেই মনে হলো, রোমানরা এই বুঝি এল। টানা দুই ঘণ্টা পুরো শহর ঘুরলাম। ইতিহাসে ভরপুর একটা জায়গা। আমরা রোমিও-জুলিয়েটের বাড়ি দেখতে গেলাম। জুলিয়েটের বারান্দা, শোয়ার ঘর, পোশাক রাখার জায়গাতে ছবি তুললাম আমরা দুজন।
ভেরোনা থেকে গেলাম ভেনিস। সবাই এই শহরটা সম্পর্কে জানেন। শুধু একটা কথা বলি, আমরা রাতে ছিলাম মারগারা জলি ক্যাম্পে, যা পুরোটাই গাড়ির ভেতর। যেমনটা আমরা হলিউডের সিনেমায় দেখি।
পরের দিন ফিরলাম মাইঞ্জে। তারপর গেলাম বার্লিন। খুব ইচ্ছা ছিল জীবনে বার্লিনের রাস্তায় কফি খাব আর হেঁটে বেড়াব। এই ইচ্ছাটা পূরণ হলো। বার্লিনের সবাই অনেক রাত করে ঘুমাতে যায়। অনেক মানুষ। আমরা দুই দিন ছিলাম ওখানে। পরিচিত সবার সঙ্গে দেখা হয়েছে।
পরের কয়েক দিন অনেক জায়গায় ঘুরেছি। বেলজিয়াম, হল্যান্ডের আমস্টারডামসহ বেশ কিছু জায়গায়। দেখা হয়েছে পুরোনো অনেক বন্ধুর সঙ্গে। আড্ডা আর পুরোনো স্মৃতি রোমন্থনের পাশাপাশি ইতিহাস আর ঐতিহ্যের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে মাসখানেক।