ইএমকেতে মীর নাকিবের তবলা

যারা নিয়মিত বৈঠকি মেজাজে শাস্ত্রীয় সংগীত শুনতে চান, তাঁদের জন্য একটি সুখবর। শাস্ত্রীয় সংগীতের আরেকটি আয়োজন হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায়। প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী মীর নাকিবুল ইসলাম ধানমন্ডির ইএমকে সেন্টারে তবলা পরিবেশন করবেন।
প্রায় ২০ বছর ধরে তবলা শিখছেন নাকিব। শুরুটা হয়েছিল ছায়ানট থেকে। ছায়ানটের নিয়ম অনুযায়ী দশ বছর বয়স হওয়ার আগে কাউকে ভর্তি করা হতো না। কিন্তু মাত্র সাড়ে সাত বছরের নাকিব যখন তবলা বাজালেন, পন্ডিত মদন গোপাল দাশ মুগ্ধ হয়ে গেলেন। তখন থেকেই শেখা শুরু। ছয় বছর সেখানে তবলা শেখেন নাকিব।
ফারুখাবাদ ঘরানার শিল্পী মীর নাকিবুল ইসলাম বললেন, ‘এরপর আমি আমার বর্তমান গুরু অশোক পালের কাছ থেকে শেখা শুরু করি। প্রায় ১৪ বছর ধরে তাঁর কাছে শিখছি। তিনি আমাকে নিজ হাতে গড়ে তুলছেন। আমি কখন কী ভুল বাজালাম, কোথায় ভালো করছি, আরও কী করতে পারতাম সেগুলো সযত্নে তিনি ধরিয়ে দেন।’
পণ্ডিত সুরেশ তাওয়ালকার ও পণ্ডিত গোপাল মিশ্রের কাছ থেকেও শিল্পীর তবলা শেখার সৌভাগ্য হয়েছে।
নাকিব তবলায় পাখোয়াজ অঙ্গের বাজনার সমন্বয়ও করতে পারেন। তবলার পাশাপাশি তিনি এখন কলকাতায় গিয়ে পাখোয়াজ শিখছেন তাপস দাশের কাছে।
আগামীকালের অনুষ্ঠানে নাকিব দুটো ভাগে তবলা বাজাবেন। প্রথম ভাগে তিনি পরম্পরাগত ও ব্যাকরণসিদ্ধ তবলা বাজাবেন। আর দ্বিতীয় পর্বে থাকবে পরীক্ষামূলকভাবে নিজের কিছু কম্পোজিশন। এ সময় তাঁর সঙ্গে হারমোনিয়ামে থাকবেন তামনিয়া ইসলাম এবং এস্রাজে অসিত বিশ্বাস।
শাস্ত্রীয় সংগীতের এ অনুষ্ঠান উপভোগ করা যাবে ১০০ টাকা দর্শনীর বিনিময়ে। টিকেট মিলবে ইএমকে সেন্টারেই।