ইকরিরা এবার এবিসি রেডিওতে

আজ শুক্রবার সকালে ‘সিসিমপুর’ থাকবে এবিসি রেডিওতে। সকালে এফএম ৮৯.২ টিউন করলে শোনা যাবে ইকরি, শিকু, টুকটুকি ও হালুমদের কথা। তারা জানাবে টাকা জমানোর নানা উপকারিতা নিয়ে। টেলিভিশনের পর নতুন অনুষ্ঠান নিয়ে রেডিওতে হাজির হচ্ছে তারা।
প্রথমবারের মতো রেডিওতে আসছে শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন পর্ব ‘ইচ্ছে জমা করি: পরিবারের আর্থিক ক্ষমতায়ন গড়ি’। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টায় এবিসি রেডিও এফএম ৮৯.২-তে শোনা যাবে এ অনুষ্ঠান। মাসে একটি পর্বে তাঁদের দেখা যাবে এবিসির ফেসবুক পেজে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারের এবিসি কার্যালয়ে ছিল মেটলাইফ ফাউন্ডেশন এবং ‘সিসিমপুর’-এর নতুন এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ও চুক্তি সই। এ সময় উপস্থিত ছিলেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ্ আলম, এক্সিকিউটিভ প্রোডিউসার মনোয়ার সাহাদাৎ, ‘ইচ্ছে জমা করি’ প্রকল্পের কান্ট্রি ডিরেক্টর গোপাল কুমার দে, এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আকন্দ, হেড অব অপারেশন এহসানুল হক, হেড অব প্রোগ্রাম শারমিন রব্বানী প্রমুখ।
সিসিমপুরের নতুন এ পর্বগুলো শিশু ও তাদের অভিভাবকদের অর্থনৈতিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করবে। এতে ইকরি, শিকু, টুকটুকি ও হালুমেরা হাজির হবে সঞ্চয়, খরচ, ভাগাভাগি ও দানের মজার সব ধারণা নিয়ে। শুক্রবার সকালে যারা অনুষ্ঠানটি শুনতে পারবে না, তাদের জন্য শনিবারে হবে পুনঃপ্রচার।