
আমি স্বপ্ন দেখি, শৈশবের মতো ছিমছাম একটি জীবনের। আমার খুব ইচ্ছে হয় গ্রামে বাড়ি করব। গ্রামে যে রকম বাড়ি থাকে, ঠিক সে রকমের বাড়িই থাকবে আমার। ছোটবেলায় আমার চোখে ছবির মতো যেমন একটা গ্রাম ছিল, সেই গ্রামে আমাদের বাড়িটি যেমন ছিল, তেমন একটি বাড়ি হবে আমার। মাঝেমধ্যে সেই বাড়িই হবে আমার আস্তানা।
ভালুকার আঙ্গারগাড়া গ্রামে ছোটবেলায় উঠানে বসে চাঁদ দেখতাম। সেই চাঁদের আবছা আলো উঠানের মাটিতে দোল খেয়ে চারপাশে ছড়িয়ে পড়ত। আমি আবার তেমন একটা পরিবেশে ফিরে যেতে চাই।
আমার বাড়িটি মাটির বা কাঠের হতে পারে। ওপরে থাকবে খড়ের চাল। হাতে তৈরি পাখা, মাদুর বা পাটি থাকবে।
বাড়ির একটি ঘরের বাইরে খোলা জায়গায় থাকবে একটি লাঙল। মহিষের গাড়ির চাকাগুলোও রাখা হবে সেখানে। বাড়ির সীমানার বাইরে খড়ের গাদা।
সেই পরিবেশে জোছনা রাতে ফকিরি গানের আসর বসবে। দূর থেকে শোনা যাবে ঝিঁঝি পোকার ডাক।
হঠাৎ হঠাৎ এই স্বপ্নগুলো মনের মধ্যে খেলা করে।