‘নতুন মুখের সন্ধানে’ থেকে চলচ্চিত্রে মান্নার আগমন। এফডিসিতেই একদিন ওকে দেখি। লম্বা একটি ছেলে। অভিনয়ের প্রতি তাঁর দারুণ মনোযোগ। নির্মাতা মোস্তফা আনোয়ার একদিন আমার বাসায় এলেন। বললেন, ‘একটা ফোক ছবি বানাব। আপনার সঙ্গে নতুন নায়ক মান্নাকে নিতে চাই।’ শুনে একটু চিন্তা করলাম। কারণ, তখন যে ছবিগুলো করছিলাম, সব কটিই আধুনিক প্রেমের ছবি। এর মধ্যে ভেজা চোখ ছবিটি ব্যবসাসফল। তিন কন্যা ছবিটিও ব্যাপক সাড়া ফেলে। মোস্তফা আনোয়ারের এ ছবির নাম কাশেম মালার প্রেম। নাম শুনেই ভাবলাম ‘না’ বলে দিই। তবু কী মনে করে গল্পটা শুনতে চাইলাম। তিনি পুরো গল্প শোনালেন এবং আমার চরিত্রটি কী জানালেন। গল্প শোনার পর মনে হলো, ছবিটি করি। রাজি হয়ে গেলাম। ছবির শুটিং শুরু হলো গাজীপুরের পুবাইলে। তখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভালো যাচ্ছিল না। ‘স্বৈরাচার এরশাদ সরকার হটাও’ আন্দোলন চলছে চারদিকে। পুবাইলে শুটিং করতে গিয়ে হঠাত্ শুনলাম, কারফিউ জারি করা হয়েছে। বিরোধী দলগুলো এক হয়ে অবরোধের ডাক দিয়েছে। আমরা পুবাইলে আটকা পড়লাম। বসে থেকে লাভ কী, টানা কাজ করলাম। তখন দেখলাম, মান্না কাজের প্রতি কতটুকু সিরিয়াস। মনে আছে, একদিন মান্নার স্ত্রী শেলী এল। আমার চুলের স্টাইল ঠিক করে দিল সে।একদিন শেলী মান্নাকে বলল, ‘আর কিছুদিন পর তুমি একটা ছবি বানাবে। সেই ছবিতে আমি আর চম্পা আপা অভিনয় করব।’এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেই শেলী ওই ছবির কথা বলত। আমি বলতাম, ‘তোমার স্বামীর যে ব্যস্ততা, কখন করবে?’কাশেম মালার প্রেম ছবির শুটিং শেষ হলো। ছবিটি মুক্তি পেল, অসাধারণ ব্যবসায়িক সাফল্যও পেল। দর্শক গ্রহণ করল চম্পা-মান্না জুটিকে। এরপর আমরা একসঙ্গে প্রেম দিওয়ানা, বাবার আদেশ, ডিসকো ড্যান্সারসহ আরও বেশ কিছু ছবিতে কাজ করি। ডিসকো ড্যান্সার ছবির কথা একটু বলি। প্রথমে এ ছবির নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। পরে তাঁর জায়গায় মান্নাকে নেওয়া হয়। এফডিসিতে ছবির শুটিং শুরু হলো। একদিন শুটিং করছি। এক পাগল আমার পিছু নিল। একবার মান্না শুটিং করছে, আমি বিশ্রাম নিচ্ছিলাম। ওই পাগল এক সন্ত্রাসীকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে বলল, আপনি একটু আড়ালে আসুন। জরুরি কথা আছে। আমি ভয় পেয়ে দৌড়ে শুটিং ইউনিটে চলে এলাম। মান্নাকে ঘটনাটা বললাম। শুটিং শেষ হলো। মান্না বলল, ‘ও নিশ্চয়ই আপনাকে ফলো করবে। আপনি যখন বেরোবেন তখন ও পিছু নিলে রমনা থানার সামনে (আমি তখন ইস্টার্ন টাওয়ারে থাকি) গিয়ে গাড়ি থামাবেন। ভয় পাবেন না। আমি পেছনেই আছি।’শুটিং শেষ করে বেরোলাম। দেখলাম, লোকটাও আমার গাড়ির পিছু নিয়েছে। ঠিক তার পেছনেই আছে মান্না। রমনা থানার সামনে আসতেই গাড়ি থামালাম। দেখি, লোকটিও গাড়ি থামিয়ে নেমে আমার গাড়ির দিকে আসছে। মান্না এ সময় পেছন থেকে এসে লোকটিকে ধরল এবং থানার লোকজনের কাছে তুলে দিল—এই ছিল মান্না। একের পর এক অনেকগুলো ছবিতেই তার সঙ্গে কাজ করেছি। একটা সময় মান্না নতুন নায়িকাদের সঙ্গে কাজ শুরু করল। ধীরে ধীরে কাজ করার ক্ষেত্রে আমার সঙ্গেও তার দূরত্ব তৈরি হলো। এরপর অনেক দিন আর আমরা কোনো ছবিতে কাজ করিনি। মান্না মারা যাওয়ার কিছুদিন আগে হূদয় থেকে পাওয়া ছবিতে শেষ কাজ করি তাঁর সঙ্গে। সেই ছবির শুটিংয়ে একদিন কথায় কথায় হঠাত্ মান্না বলল, ‘ম্যাডাম, একটা ছবি বানাব। সেই ছবিতে আপনি আর শেলী অভিনয় করবেন।’ মান্না সেই ইচ্ছে আর পূরণ করতে পারেনি। এর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়ে মান্না চলে গেছে অনেক দূরে। মান্নার কণ্ঠ আজও শুনতে পাই, ছায়া দেখতে পাই। কিন্তু মান্নাকে পাই না। আমি শেলীর মধ্যে মান্নাকে খোঁজার চেষ্টা করি। সিয়ামের (তার সন্তান) মধ্যে মান্নাকে খোঁজার চেষ্টা করি। আসলে আমরা সবাই মান্নার খোঁজ করি। কারণ, মান্না চলে গেছে বড় তাড়াতাড়ি। তার আত্মার শান্তি কামনা করি।