ইচ্ছে করে খেতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সের কারণে শরীর ঠিক রাখতে নিয়ন্ত্রণ করতে হয় খাবার। পছন্দের খাবারের তালিকা হয়ে যায় ছোট। কিন্তু মন কী বলে? মন ঠিকই ঘোরাফেরা করে প্রিয় খাবারের আশপাশে। তিন প্রবীণ অভিনেতা বলেছেন সে কথা

আবুল হায়াত
আবুল হায়াত

আবুল হায়াত
আমার সব খাবারই পছন্দ। কিন্তু প্রায় ১৪-১৫ বছর হলো বিরিয়ানি, কোমল পানীয় ও ডিমের কুসুম খাই না। এ ছাড়া গরু ও খাসির মাংস খাই না। এসব না খাওয়ার পেছনে বড় কারণ হলো, একবার হার্ট অ্যাটাক হয়েছিল, তারপর থেকে ডাক্তার মানা করে দিয়েছিলেন এসব খেতে। এ কারণে পছন্দের তালিকা থেকে বাদ দিয়েছি। আর পছন্দের কথা জানতে চাইলে বলব, আমি শাকসবজি, দেশি ফল ও মাছ খাই। খাওয়া শেষে টক দই খাই। এই তো।
যেগুলো বারণ সেগুলোও মাঝেমধ্যে খেতে ইচ্ছে করে। কিন্তু সুস্থ থাকার জন্য আমাকে সেগুলো থেকে দূরে থাকতে হয়।

এ টি এম শামসুজ্জামান
এ টি এম শামসুজ্জামান

এ টি এম শামসুজ্জামান
আমার সমস্যা হলো আমাকে যা খেতে নিষেধ করে, আমার সেটাই খেতে ইচ্ছে করে। এটা সম্ভবত সবারই সমস্যা। আমি যে খুব বেশি খাই তা কিন্তু না।
মানুষ আসলে দুই ধরনের খাদক আর খাদ্যরসিক। আমি খাদ্যরসিক। যেকোনো খাবারই আমার একটু একটু করে খাওয়া চাই। এই মুহূর্তে আমার তেমন কোনো খাবারের ওপর নিষেধাজ্ঞা নেই। কিন্তু নিজে থেকেই অনেক কিছু নিয়ন্ত্রণ করি। তবে সবচেয়ে খেতে ইচ্ছে করে মায়ের হাতের রান্না। কিন্তু সেটা তো আর পাওয়া সম্ভব নয়।

আমজাদ হোসেন
আমজাদ হোসেন

আমজাদ হোসেন
আমার পায়ে একটা সমস্যা হয়েছিল, তারপর থেকে ডাক্তার মুগডাল ও শাকসবজি খেতে মানা করে দিয়েছেন। কিন্তু খেতে তো ইচ্ছে করেই। আমি ছোটবেলায় খুব মিষ্টি খেতাম কিন্তু বড় হয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। এটা অবশ্য কারও নিষেধ না, আমারই আর খেতে ইচ্ছে করে না।
তবে একটা জিনিস আমার খুব ইচ্ছে করে। সেটি হলো আমার মায়ের হাতের কষানো মাংস। গরম ভাত দিয়ে মায়ের হাতের কষানো মাংস যে কী মজা লাগত! আমার মা সব সময় আমাকে এটি খেতে দিতেন। আর একটা খাবার আমার নানি করতেন, কোরবানির হাড়ছাড়া মাংস দিয়ে কোরমা বানিয়ে বয়ামে ভরে রাখতেন। সেটি কয়েক মাস ধরে আমরা খেতাম। ওই রসটাই এত সুস্বাদু যে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারতাম। এখন ইচ্ছে করলেও তো আর ওই খাবারগুলো পাব না।