ইচ্ছে গানের দুপুরে শিরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনের ফোনোলাইভ কনসার্ট ‘ইচ্ছে গানের দুপুর’-এ গান করতে আসছেন পাঞ্জাবিওয়ালা-খ্যাত কণ্ঠশিল্পী শিরিন। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে তিনি নিজের পছন্দের বেশ কিছু গান করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে দর্শকদের টেলিফোনে অনুরোধ জানানো গানও করবেন। শিরিন বলেন, ‘আমি এখন বাংলাদেশ ও যুক্তরাজ্যে আসা-যাওয়ার মধ্যে আছি। শেষবার যখন বাংলাদেশে এসেছিলাম, তখন আরটিভিতে গান করেছিলাম। এবার করছি মাছরাঙা টেলিভিশনে। আশা করছি, এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতা আমার নতুন অ্যালবামের গানগুলোও শুনতে পারবেন।’প্রসঙ্গত, তিন বছর পর প্রকাশিত হতে যাচ্ছে শিরিনের তৃতীয় একক অ্যালবাম। নাম ‘দিলহারা’। অ্যালবামের সব কটি গানের কাজ প্রায় শেষের দিকে। শিরিন বলেন, ‘এখন পর্যন্ত তৃতীয় এককের নাম “দিলহারা” নির্ধারিত আছে। অ্যালবামে ১১টি গান রয়েছে। তবে শেষ মুহূর্তে নামটা পরিবর্তন হতে পারে।’কবে নাগাদ নতুন অ্যালবাম শ্রোতারা হাতে পাবে, এমন প্রশ্নের জবাবে শিরিন বলেন, ‘ইচ্ছে ছিল ১২.১২.১২তে অ্যালবামটি প্রকাশ করার। শুনলাম, ওই দিন হাবিব ওয়াহিদের নতুন একটি একক অ্যালবাম প্রকাশিত হবে। তাই আমার অ্যালবাম প্রকাশের সময়টা সপ্তাহ খানেক পিছিয়ে দিয়েছি।’এর আগে শিরিনের দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবাম দুটি হচ্ছে: ‘পাঞ্জাবিওয়ালা’ (২০০৭) ও ‘মাতওয়ালি’ (২০০৯)।