প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন তো কত রকমের থাকে। সেই স্বপ্নের পেছনেই ছোটে মানুষ। আমরা তারকাদের কাছে জানতে চেয়েছিলাম তাঁদের স্বপ্নের কথা। হোক সেটা অপূরণীয়। হোক তা ‘ওয়াইল্ড ড্রিম’। তারকাদের সেসব স্বপ্ন নিয়েই আমাদের এবারের আয়োজন।

কয়েক বছর ধরেই ঢাকা শহরে যানজট অতি মাত্রায় বেড়ে গেছে। এখন যানজটটাই সাধারণ একটা ঘটনা। কোথাও যাওয়ার জন্য ঘর থেকে বের হলেই ১০ মিনিটের পথ ঘণ্টা পার হয়ে গেলেও সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। মেজাজ খারাপ হতে থাকে। কী করব কোনো কিছু বুঝে উঠতে পারি না। যানজটে বসে থাকলে প্রায়ই মনে হয়, গাড়ি থেকে নেমে পড়ি। আমার মন খুব চঞ্চল তো, তাই এক জায়গায় অনেকক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারি না।
আমার স্বপ্ন ওই যানজটকে ঘিরেই। যানজটের মধ্যেই যদি থাকতে হয়, তাহলে আমার ইচ্ছে হয়, যানজটের রাস্তায় নেমে ইচ্ছেমতো নাচ শুরু করি। সে সময় অবশ্যই পরনে থাকতে হবে সাদা জামা। আমি তন্ময় হয়ে নাচব। আমার নাচ দেখতে দাঁড়িয়ে যাবে সব যানবাহন। যানজটের কারণে এমনিতেই তো গাড়ি চলে না। আমি একটু নেচে ওদের আরও একটু দাঁড় করিয়ে রাখলে ক্ষতি কী?