
গান তো আমরা অনেকেই শুনি। গানের আবার রয়েছে অনেক ধারা। আর এই ধারার মধ্যে ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক) অন্যতম। যে গানগুলো শুনলেই মন আপনা-আপনি নেচে ওঠে, সেগুলোই ইডিএম। এই ইডিএমের বিখ্যাত শিল্পীর নাম ডিপলো। পুরো নাম থমাস ওয়েসলি পেন্টজ। প্রশ্ন হতে পারে থমাস ওয়েসলি পেন্টজ থেকে ডিপলো হওয়ার রহস্য কী। ছোটবেলায় তাঁর ডাইনোসরের প্রতি আগ্রহ ছিল। এরপর তিনিই একদিন ডিপলডোকাস নামের একটি ডাইনোসরের নাম থেকে তাঁর নাম ডিপলো রাখলেন। এরপর থেকেই তিনি ডিপলো নামে পরিচিত হলেন। এ ছাড়া ওয়েসলি গালি নামেও ডিপলো পরিচিত। ডিপলোর কিছু বিখ্যাত গান দিয়ে শুরু করা যাক। তাঁর বিখ্যাত কয়েকটি গান হলো ‘রেভল্যুশন’, ‘লিন অন’, ‘লাইট ইট আপ’, ‘সেট মি ফ্রি’, ‘কোল্ড ওয়াটার’, ‘টেক ইউ দেয়ার’ ইত্যাদি।
ডিপলোর জন্ম ১৯৭৮ সালের ১০ নভেম্বর। যুক্তরাষ্ট্রের মিসিসিপির টুপেলোতে। ডিপলো জার্মান ও ইংরেজ বংশোদ্ভূত। তাঁর বাবা থমাস পেন্টজ জার্মান এবং মা বার বারা জঁ কক্স ইংরেজ। ছোটবেলায় ডিপলো মিয়ামিতে থাকতেন। যেখানে তিনি মিয়ামি বেস সম্পর্কে ধারণা পান। পরে ১৯৯৭ সালে তিনি ‘ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা’-এ ভর্তি হন। তারপর চলে আসেন ‘টেম্পল ইউনিভার্সিটি’তে পড়ালেখার জন্য, আর এখানেই তিনি ডিজে হিসেবে পরিচয় লাভ করেন। ডিপলো শুধু ইডিএম শিল্পীই নন। তিনি ডিজের পাশাপাশি র্যা পার, গায়ক, গীতিকার ও প্রযোজক।
১৯৯৭ সালে ডিপলো তাঁর প্রথম অ্যালবাম অলিভার টুইটের সঙ্গে বের করেন। এরপর ২০০৩ সালে ডিপলো ডিজে লো বাজেটের সঙ্গে প্রথম মিক্সটেপ বের করেন। কিন্তু তিনি খ্যাতি লাভ করেন এমআইএর সঙ্গে দেখা হওয়ার পর। তাঁদের দেখা হওয়ার পরপরই একটি অ্যালবাম বের করেন, যার নাম ছিল পাইরেসি ফান্ডস টেররিসম ভল ১। আর এটি প্রকাশিত হয় ২০০৪ সালে। এরপর আস্তে আস্তে এমআইএর মাধ্যমে লন্ডনের ডিজে সুইচের সঙ্গে দেখা হয় ডিপলোর। পরে তাঁরা তিনজন মিলে গ্র্যামি মনোনীত গান ‘পেপার প্লেন্স’ বানান। পরের বছর ম্যাড ডিসেন্ট নামক একটি রেকর্ড লেবেল তৈরি করেন এই শিল্পী।
২০০৮ সালে ডিপলো এবং ডিজে সুইচ মিলে ‘মেজর লেজার’ নামক একটি মিউজিকাল ট্রায়ো বানান। ২০১১ সালে ডিজে সুইচ দল ছেড়ে যান। বর্তমানে ডিপলোসহ তিনজন সদস্য আছেন মেজর লেজারে। বাকি দুজন হলেন ওয়ালশি ফায়ার, জিলিওনেয়ার। মেজর লেজার খ্যাতি পায় ২০১৫ সালের ‘লিন অন’ গানটির মাধ্যমে। এই গানটির জন্য মেজর লেজার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পায়। এ ছাড়া ‘লাইট ইট আপ’, ‘কোল্ড ওয়াটার’ গানগুলো বিভিন্ন অ্যাওয়ার্ডে মনোনীত হয়।
২০১৩ সালে আরও একজন বিখ্যাত ইডিএম শিল্পী স্ক্রিল্লেক্স ও ডিপলো মিলে গঠন করেন জ্যাক ইউ। ‘জ্যাক ইউ’-এর খ্যাতি আসে জাস্টিন বিবারের সঙ্গে করা ‘হয়্যার আর ইউ নাও’ গান দিয়ে। এই গানটিও বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পায় এবং মনোনীত হয়। এ ছাড়া ‘টেক ইউ দেয়ার’, ‘মাইন্ড গান’ও বেশ খ্যাতি লাভ করে।
ডিপলো একজন ফুটবল ও ক্রিকেট-ভক্ত। তিনি নিজেই ২০১৪ ফুটবল বিশ্বকাপের মিক্স বানান। তাঁর দুই ছেলে রয়েছে।
মনন মাহমুদ, উইকিপিডিয়া ও বিলবোর্ড অবলম্বনে