ইতালীয় রূপসীর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় সিনেমার সবচেয়ে বড় ‘বিজ্ঞাপন’ মনিকা বেলুচ্চি৷ এবারের কান উৎসবে প্রতিযোগিতা বিভাগে আছে তাঁর লে মেরাভিগলি ছবিটি৷ গতকাল কানে এক ফটোসেশনে মনিকা l ছবি: এএফপি
ইতালীয় সিনেমার সবচেয়ে বড় ‘বিজ্ঞাপন’ মনিকা বেলুচ্চি৷ এবারের কান উৎসবে প্রতিযোগিতা বিভাগে আছে তাঁর লে মেরাভিগলি ছবিটি৷ গতকাল কানে এক ফটোসেশনে মনিকা l ছবি: এএফপি

সিসিলীয় রূপসী যখন হেঁটে যান, পুরো এলাকা সচকিত হয়ে পড়ে। পাড়ার বখাটেরা রোজ গলির মোড়ে ঠায় দাঁড়িয়ে থাকে তাঁকে একঝলক দেখার আশায়। অতি উৎসাহী রূপের পূজািরদের কেউ কেউ সাইকেল নিয়ে পিছু পিছু ছোটে। যুদ্ধের ডামাডোলে স্বামীকে হারিয়ে সেই অসামান্য রূপবতী মেয়েটা পড়ে অকূলপাথারে। মালেনা ছবিতে মনিকা বেলুচ্চির অভিনয় দেখে তাঁর প্রেমে পড়েননি, এমন সিনেমাপ্রেমী কে আছেন? সিনেমার শেষভাগে মালেনাকে জনতার প্রহারের দৃশ্যে কার চোখ অশ্রুতে ভিজে ওঠেনি?
সোফিয়া লোরেন–পরবর্তী সময়ে ইতালীয় সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন সম্ভবত মনিকা বেলুচ্চিই। মনিকার খ্যাতি ইউরোপ ছাড়িয়ে পৌঁছেছে হলিউড মুলুকেও। তাঁরই ফল দ্য ম্যাট্রিক্স রিলোডেড, শুট দেম আপ, টিয়ার্স অব দ্য সান-এর মতো ছবি। কিন্তু মনিকা যেন তাঁর নিজস্ব ঘরানার ছবিতেই অসাধারণ। ইররিভারসিবল ছবির সেই অবিশ্বাস্য ধর্ষণদৃশ্য আজও বিশ্ব-সিনেমার এক বিস্ময়ের নাম। সেই ছবিতে অভিনেত্রী হিসেবে নিজেকে কী এক কঠিন পরীক্ষার মুখেই না ঠেলে দিয়েছিলেন মনিকা!
এসব ভাবতে ভাবতেই একেবারে চোখের সামনে মনিকা বেলুচ্চি! পঞ্চাশে পা রেখেও কী অসামান্য সুন্দর! খোলা চুল, গায়ের ফরসা রং। বাদামি চোখ জোড়ার আশ্চর্য গভীরতা এখনো যেকোনো পুরুষের হৃদয় টলিয়ে দিতে পারে।
এবারের কান উৎসবে প্রতিযোগিতা বিভাগে আছে মনিকা বেলুচ্চি অভিনীত ইতালীয় ছবি লে মেরাভিগলি বা দ্য ওয়ান্ডারস। স্বর্ণপাম জেতার লড়াইয়ে নিজের ছবির অবস্থান জোরদার করতেই কান উৎসবে আলো ছড়াচ্ছেন মনিকা। সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তরও দিয়েছেন ইতালীয় ভাষাতেই।
হলিউড হাজির
হিলারি সোয়াংক, টমি লি জোন্স কিংবা রবার্ট প্যাটিনসন—কাকে ছেড়ে কাকে দেখি! কান উৎসবে কাল হাজির ছিলেন হলিউডের এইসব মহাতারকারাও।
দুপুরটা যদি মনিকার হয়, তবে গতকাল কান উৎসবের সকালটা অবশ্যই ছিল অভিনেতা টমি লি জোন্স আর হিলারি সোয়াংকের। ফটোকল থেকে সংবাদ সম্মেলন—সবখানেই ছিল টমি লি জোন্স পরিচালিত দ্য হোমসম্যান ছবির জয়জয়কার। ওয়েস্টার্ন ঘরানার এ ছবিতে অভিনয়ও করেছেন টমি লি। সংবাদ সম্মেলনে বলেছেন, একই সঙ্গে পরিচালনা আর অভিনয় করাটাকে মোটেও চাপ মনে করেন না তিনি।
অস্কার-বিজয়ী অভিনেত্রী হিলারি সোয়াংক বলেছেন, টমি লি জোন্সের সঙ্গে কাজ করাটা ছিল আনন্দদায়ক এক অভিজ্ঞতা।
এদিকে আরেক হলিউড তারকা রবার্ট প্যাটিনসনের আগমনের সুবাদে আলোচনায় চলে এসেছে ডেভিড ক্রনেনবার্গের ছবি ম্যাপস টু দ্য স্টারস। কেমন হবে বিশ্বখ্যাত এই কানাডীয় পরিচালকের ছবিটি? এ নিয়ে মাতামাতি এখন তুঙ্গে।
গতকাল মূল প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত ছবির মধ্যে ছিল দ্য রোভার (অস্ট্রেলিয়া), বিউটিফুল ইয়ুথ (স্পেন ও ফ্রান্স), টুরিস (সুইডেন) ও হাউহা (আর্জেন্টিনা)।